# বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিশনের মেয়াদ আরো বেড়েছে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-01
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bidiar-htzakand-tdnt-kmisner-meyad-aro-bereche](https://dailyfulki.com/article/bidiar-htzakand-tdnt-kmisner-meyad-aro-bereche)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3001.md](https://dailyfulki.com/news/3001.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে গঠন করা স্বাধীন কমিশনের মেয়াদ আরো দুই মাস বাড়ানো হয়েছে। কমিশনের মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন করে আরো দুই মাস সময় বাড়ানোর আদেশ ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

গত বছরের ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে সভাপতি করে স্বাধীন কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। প্রাথমিকভাবে কমিশনকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হয়। পরে সেই সময় দুই দফায় আরও তিন মাস করে বাড়ানো হয়। সেই সময় শেষ হয়েছে গতকাল ৩০ সেপ্টেম্বর।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত ঘটনার প্রকৃতি ও স্বরূপ উদঘাটন করতে বলা হয়েছে কমিশনকে।

এ ছাড়া ঘটনাকালে সংঘটিত হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ সংঘটনকারী, সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, ঘটনার আলামত ধ্বংসকারী, ইন্ধনদাতা এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয়সহ দেশি-বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান, বিভাগ, সংগঠন ইত্যাদি চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিশনকে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
