# চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির কাছে এনসিপির ব্যাখ্যা দাবি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-01
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/canndpure-naseeruddeen-patwareeke-obanchit-ghoshna-bienpir-kache-ensipir-bzakhza-dabi](https://dailyfulki.com/article/canndpure-naseeruddeen-patwareeke-obanchit-ghoshna-bienpir-kache-ensipir-bzakhza-dabi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2975.md](https://dailyfulki.com/news/2975.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার বিষয়ে বিএনপির কাছে ব্যাখ্যা চেয়েছে এনসিপি। একইসঙ্গে বিএনপির আগ্রাসী মনোভাব সম্পন্ন নেতা-কর্মীদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার (১ অক্টোবর) ভোরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি সপ্তাহের শনিবার চাঁদপুরের শাহরাস্তিতে এনসিপির মুখ্য সমন্বয়ক মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ও তার কুশপুত্তলিকা পুড়িয়ে ‘সর্বাত্মক প্রতিরোধের’ ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। আমরা এই হুমকির নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সর্বাত্মক প্রতিরোধ’-এর ব্যাখ্যা জানতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রত্যাশা করি। ইতোপূর্বে আমরা দেখেছি, আওয়ামী লীগের আমলেও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সম্মুখসারির নেতাদের নিজ এলাকায় প্রবেশে বাধাপ্রদান, হুমকি-ধমকি ও হামলা করা হতো। আমরা দৃঢ়ভাবে বলছি সেই একই কায়দার রাজনীতি ফেরত আনার চেষ্টাকারীদের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত রমজানেও চাঁদপুরে নিজ উপজেলায় ইফতার আয়োজনে অংশগ্রহণ করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের রোষানলে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপি মনে করে কারও রাজনৈতিক মতামতের প্রতিক্রিয়ায় তার নিজ এলাকাতে ‘সর্বাত্মক প্রতিরোধের’ ঘোষণা কোনও রাজনৈতিক আচরণ হতে পারে না। বরং এটি হুমকিমূলক ও আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ।

উল্লেখ্য, এর আগে বিএনপি নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে গত ২৭ সেপ্টেম্বর চাঁদপুরের শাহরাস্তিতে নিজ এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ করেন স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। সেখান থেকে তাকে প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
