# টেকনাফে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ৮ নারী ও শিশু উদ্ধার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-01
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/teknafe-pacarkareeder-gopn-astana-theke-8-naree-oo-sisu-uddhar](https://dailyfulki.com/article/teknafe-pacarkareeder-gopn-astana-theke-8-naree-oo-sisu-uddhar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2959.md](https://dailyfulki.com/news/2959.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফে বাহারছড়ার গহিন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দী রাখা আট নারী ও শিশুকে উদ্ধার করেছেন কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা।

উদ্ধারকৃতরা হলো শাসু আরা (২৬), জেসমিন (১৭), মোকারমা (২০), ওম্মে রুমা (১৮), হারসা বিবি (১৫), নূর কায়দা (১৪), আনোয়ারা বেগম (৪৫), মো. নুর কামাল (১০)। তারা সবাই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বুধবার (১ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা বাহারছড়া জুম্মাপাড়া পাহাড়সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালান। এ সময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে আটক নারী ও শিশুদের উদ্ধার করা হয়।

তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের আটকের জন্য নৌবাহিনী ও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
