# ৪৯তম বিসিএস পরীক্ষা : আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-30
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/49tm-bisies-preeksha-ainshrrinkhla-rkshay-194-nirwahee-mzajistret-niyog](https://dailyfulki.com/article/49tm-bisies-preeksha-ainshrrinkhla-rkshay-194-nirwahee-mzajistret-niyog)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2939.md](https://dailyfulki.com/news/2939.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১৮৪টি হলে একযোগে অনুষ্ঠিত হবে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা।

পরীক্ষাকালীন প্রতিটি কেন্দ্রে একজন করে মোট ১৮৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য আরও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারার বিধান মোতাবেক পরীক্ষার সময়, পরীক্ষাকেন্দ্র ও সংশ্লিষ্ট এলাকায় এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যকরভাবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী ৬ অক্টোবর সকাল ১১টায় সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৭১ মিলনায়তনে ব্রিফিং সেমিনারে উপস্থিত থাকতে হবে। এছাড়া পরীক্ষার দিন ভোর ৪টায় সচিবালয়ে রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
