# জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-30
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jamayater-45-netakrmeer-bienpite-zogdan](https://dailyfulki.com/article/jamayater-45-netakrmeer-bienpite-zogdan)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2890.md](https://dailyfulki.com/news/2890.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ভোলা সংবাদদাতা : ভোলার চরফ্যাশন উপজেলায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। জামায়াত ইসলামীর চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়ন শাখার সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের চরফ্যাশনের বাসভবনে ফুলের মালা পরিয়ে তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়।

যোগদান অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম নবাগতদের অভিনন্দন জানিয়ে বলেন, বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে আপনারা বিএনপিতে যোগদান করেছেন। এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের পথ সুগম হবে।

অন্যদিকে, জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া মাওলানা ওমর ফারুক সাংবাদিকদের বলেন, চরফ্যাশন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। বিএনপির কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমিসহ ৪৫ জন নেতাকর্মী সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের হাত ধরে বিএনপিতে যোগদান করেছি। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবসময় বিএনপির সঙ্গে থাকব।

এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
