# রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা, প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনারের বৈঠক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-30
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rohingoa-sngkt-niye-alocna-prdhan-updeshtar-sngoe-jatisnggh-srnarthee-bishzk-haikmisnarer-boithk](https://dailyfulki.com/article/rohingoa-sngkt-niye-alocna-prdhan-updeshtar-sngoe-jatisnggh-srnarthee-bishzk-haikmisnarer-boithk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2885.md](https://dailyfulki.com/news/2885.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ফুলকি ডেস্ক : রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

নিউইয়ের্ক স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা রাখাইন রাজ্যে অবনতিশীল মানবিক পরিস্থিতি, কক্সবাজারে এক মিলিয়নেরও বেশি শরণার্থীর জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে গভীর আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, গত ১৮ মাসে প্রায় এক লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যা মানবিক সংকটকে আরও ঘনীভূত করেছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, মঙ্গলবারের ঐতিহাসিক আন্তর্জাতিক সম্মেলন—যা প্রথমবারের মতো শুধু রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত হচ্ছে, এতে একটি সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপন করা হবে।

ড. ইউনূস আরও বলেন, এ সম্মেলন বাংলাদেশে অবস্থানরত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গার জন্য জরুরি তহবিল সংগ্রহে আন্তর্জাতিক সমর্থন জোগাতে সহায়ক হবে।

এ সময় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার গ্রান্ডি গত মাসে কক্সবাজারে অনুষ্ঠিত আঞ্চলিক সম্মেলনের প্রশংসা করেন, যেখানে প্রথমবারের মতো রোহিঙ্গা কমিউনিটির নেতারা চারদিনব্যাপী আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন। তিনি সংকটের টেকসই সমাধান যেন সম্ভব হয় সেজন্য বাংলাদেশকে প্রধান বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদারের আহ্বান জানান।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। তিনি রোহিঙ্গাদের চলমান যাচাইকরণ প্রক্রিয়া নিয়ে ব্রিফ করেন। এ পর্যন্ত প্রায় দুই লাখ ৫০ হাজার রোহিঙ্গা যাচাইকৃত হয়েছে বলে তিনি জানান।

মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে বৈঠক
অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং বর্তমানে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপও সোমবার নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট, রাখাইনের পরিস্থিতি, মিয়ানমারের শরণার্থীদের জন্য তহবিল ঘাটতি এবং মঙ্গলবারের সম্মেলনে আলোচ্য প্রধান বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

প্রফেসর ইউনূস এই ইস্যুর গুরুত্ব তুলে ধরে বলেন, রোহিঙ্গাদের নিজ ভূমিতে প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান, এর বিকল্প নেই। তিনি আরও যোগ করেন, আশা করি মঙ্গলবারের সম্মেলন থেকে কার্যকর কিছু প্রস্তাব আসবে। এটি এমন একটি ইস্যু যা বিশ্ব ভুলে যাওয়ার মতো নয়।

বিশপ রোহিঙ্গাদের সহায়তায় তহবিলের উৎস বৈচিত্র্যময় করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং ওআইসি সদস্য দেশগুলোকে অবদান বাড়ানোর আহ্বান জানান।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
