# রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-30
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rohingoa-pristhiti-nize-jatisnggher-uccprzazer-smmeln-aj](https://dailyfulki.com/article/rohingoa-pristhiti-nize-jatisnggher-uccprzazer-smmeln-aj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2879.md](https://dailyfulki.com/news/2879.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ফুলকি ডেস্ক : মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

রাষ্ট্র ও সরকার প্রধানসহ কমপক্ষে ৭৫টি দেশ এবং সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনের উদ্দেশ্য হলো রাজনৈতিক সমর্থন জোগানো, সংকটের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা এবং মানবাধিকার ইস্যুসহ মূল কারণগুলোর সমাধান।

সম্মেলনে রোহিঙ্গা সংকটের সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি একটি বিস্তৃত, উদ্ভাবনী, কার্যকর ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রস্তাব করার চেষ্টা করা হবে। প্রধান অগ্রাধিকারে মধ্যে রয়েছে রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন। সম্মেলনে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতিনিধিত্ব করবে তুরস্ক এবং উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) প্রতিনিধিত্ব করবে কুয়েত।

এই সম্মেলনের আগে সংকট সম্পর্কিত বিষয় নিয়ে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে তার হোটেলে পৃথক বৈঠক করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
