# জাতীয় বেতন কমিশনের ৪ প্রশ্নমালা, মতামত দেওয়া যাবে অনলাইনে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-29
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jateey-betn-kmisner-4-prsnmala-mtamt-dewa-zabe-onlaine](https://dailyfulki.com/article/jateey-betn-kmisner-4-prsnmala-mtamt-dewa-zabe-onlaine)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2839.md](https://dailyfulki.com/news/2839.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : ন্যায়সংগত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নে চারটি প্রশ্নের উত্তর খুঁজছে জাতীয় বেতন কমিশন, ২০২৫। প্রশ্নগুলো সবার মতামতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ১৫ অক্টোবর পর্যন্ত আগ্রহীরা এই প্রশ্নমালা অনলাইনে পূরণ করতে পারবেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সদস্যসচিব ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিকীর সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, একটি ন্যায়সংগত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য কমিশন মোট চারটি প্রশ্নমালা তৈরি করেছে। শুধু চাকরিজীবীদের জন্য একটি, সর্বসাধারণের জন্য একটি, প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন/সমিতির জন্য একটিসহ মোট চারটি প্রশ্নমালায় সংশ্লিষ্ট যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।

সব প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইট paycommission2025.gov.bd-এ পাওয়া যাবে।

আগামী ১৫ অক্টোবরের আগ্রহী চাকরিজীবী/ব্যক্তি/প্রতিষ্ঠান/সমিতি উক্ত প্রশ্নমালা অনলাইনে পূরণ করতে পারবেন।

অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক হলে অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন। 
গত ২৭ জুলাই ২৩ সদস্যের ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করে সরকার। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে এ কমিশন। কর্মচারীর পরিবারের সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে।

আজকের প্রথম সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
