# ৬ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-29
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/6-ghnta-pr-dhakar-sngoe-uttrbngoer-rel-zogazog-swavabik](https://dailyfulki.com/article/6-ghnta-pr-dhakar-sngoe-uttrbngoer-rel-zogazog-swavabik)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2821.md](https://dailyfulki.com/news/2821.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

পাবনা সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেন ভাঙ্গুড়া স্টেশন অতিক্রমের সময় দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনে প্রায় সহস্রাধিক যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। এ ঘটনায় কেউ নিহত না হলেও ৫০ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সর্বশেষ সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১ টায় ঢাকা থেকে রওনা দেয়। ভোর ৪টার দিকে ট্রেনটি পাবনার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের যাত্রীরা আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। এতে অন্তত ৫০ জন আহত হন। ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেয়।

দুর্ঘটনার কারণ হিসেবে সিগন্যাল ক্লিয়ারেন্সে ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এ দুর্ঘটনার ৪ ঘন্টা পর বগি উদ্ধারের কাজ শুরু করে রেলওয়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন রেলের যাত্রীরা।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পূজার ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া অনেক যাত্রী ওই ট্রেনে রয়েছেন বলে জানিয়েছিলেন তিনি।

ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেলস্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম মুন্সি বলেন, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে চলাচল বন্ধ হয়ে পড়ে। রেলওয়ের উদ্ধারকারী ক্রেন সকাল ১০টায় লাইন ক্লিয়ার করতে সক্ষম হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে বনলতা, একতা ও ধুমকেতু এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আশপাশের স্টেশনে অপেক্ষা করছে। পর্যায়ক্রমে এসব ট্রেন পাস করা হবে।\

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
