# পাবনায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-29
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/pabnay-tren-lainczut-dhaka-uttrbngo-rel-zogazog-bndh](https://dailyfulki.com/article/pabnay-tren-lainczut-dhaka-uttrbngo-rel-zogazog-bndh)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2811.md](https://dailyfulki.com/news/2811.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

পাবনা সংবাদদাতা :  পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

পাকশী রেলওয়ে পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ভাঙ্গুড়া স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন, লাগেজ ভ্যানের বগি ও একটি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসে। পথিমধ্যে ভোর চারটার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে দুইটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন।

এদিকে এ ঘটনার কয়েক ঘণ্টা পার হলেও বগি উদ্ধার কাজে রেলওয়ে কর্তৃপক্ষের তেমন কোনো কার্যক্রম দেখা যায়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এতে চরম ভোগান্তিতে সময় পার করছেন রেলের যাত্রীরা।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনে পূজার ছুটিতে বাড়ির উদ্দেশ্যে যাওয়া অসংখ্য যাত্রী রয়েছে বলে তিনি জানান।

ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেলস্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম বলেন, শুনেছি ট্রেন লাইনচ্যুত হয়ে চলাচল বন্ধ আছে। তবে বিস্তারিত জানি না।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ভোর চারটার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে কয়েক ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ আছে। পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
