# শিমুলিয়ায় আ.লীগ কর্মীকে বিএনপির কর্মী হিসেবে প্রত্যয়নপত্র, নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-28
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/simuliyay-aleeg-krmeeke-bienpir-krmee-hisebe-prtzynptr-netakrmeeder-mdhze-osntosh](https://dailyfulki.com/article/simuliyay-aleeg-krmeeke-bienpir-krmee-hisebe-prtzynptr-netakrmeeder-mdhze-osntosh)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2809.md](https://dailyfulki.com/news/2809.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারের শিমুলিয়া ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা ও চিহ্নিত কর্মী আসাদুজ্জামানকে বিএনপি কর্মী হিসেবে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, কবিরপুরের বাইদগাঁও এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। এলাকায় ক্ষমতার দাপটে চাঁদাবাজি, জমি দখল ও জুট ব্যবসার নামে নানা অপকর্মের সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবুও তাকে বিএনপি কর্মী হিসেবে প্রত্যয়নপত্র প্রদান করায় প্রশ্ন তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন বলেন, ৫ আগস্টের পর অনেক আওয়ামী লীগ নেতা পালিয়ে গেলেও আসাদুজ্জামানের মতো অধিকাংশরাই এলাকায় সক্রিয় রয়েছেন। দেশের পরিস্থিতির পরিবর্তন হলে সাধারণ বিএনপি সমর্থকরাও দেশে টিকে থাকতে পারবেন কিনা সন্দেহ। অথচ আমরা যদি আসাদুজ্জামানের মতো চিহ্নিত আওয়ামী লীগ কর্মীদের প্রত্যয়নপত্র দিয়ে পুনর্বাসন করি, তার পরিণতি ভোগ করতে হবে সাধারণ নেতাকর্মীদের। এ বিষয়ে আমি কিছুই জানতাম না। আশা করি দলের হাইকমান্ড বিষয়টি তদন্ত করবেন।
একই অভিযোগ তুলেছেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান মিন্টু। তিনি বলেন, আমরা সবাই জানি আসাদুজ্জামান আওয়ামী লীগ সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা; কিন্তু কিভাবে তিনি বিএনপি কর্মী হিসেবে প্রত্যয়নপত্র পেলেন, তা আমাদের কাছে রহস্যজনক।
এ ব্যাপারে শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন, এ ধরনের পদক্ষেপে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তারা দ্রুত বিষয়টি খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি জোর দাবি জানিয়েছেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
