# টেকনাফে মাটি খুঁড়ে মিলল ১ লাখ ২০ হাজার ইয়াবা, আটক ১

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-28
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/teknafe-mati-khunnre-mill-1-lakh-20-hajar-yaba-atk-1](https://dailyfulki.com/article/teknafe-mati-khunnre-mill-1-lakh-20-hajar-yaba-atk-1)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2795.md](https://dailyfulki.com/news/2795.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান। 
এ ঘটনায় আটক হয়েছে টেকনাফ পৌরসভার দরগারছড়ার মৃত শেখ আহম্মদের ছেলে মোঃ ইসমাইল (৩২)। এ ঘটনায় পলাতক রয়েছে মোঃ ইয়াসিন ও মোঃ তাহের।
টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাগরপথে পাচার করে টেকনাফের নোয়াখালীপাড়া এলাকায় লুকিয়ে রাখা হয়েছে এমন সংবাদ পায়। মাদক ও পাচারকারীদের ধরতে যৌথ অভিযান করার পরিকল্পনার সিদ্ধান্ত নেয় বিজিবি। পরিকল্পনা অনুযায়ী রাত ১ টা ১৫ মিনিটের দিকে বিজিবি ও পুলিশের সমন্বয়ে দরগারছড়া এলাকায় বিশেষ অভিযান শুরু করা হয়। অভিযানে মোঃ ইসমাইলকে আটক করে তার স্বীকারোক্তি এবং বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের সাহায্যে নোয়াখালীপাড়ায় তাহের নামক এক ব্যক্তির বসতঘরে অভিযান চালানো হয়। তার বসতঘরের পাশেই মাটির নিচে অত্যন্ত গোপনে পুঁতে রাখা জায়গাটি চিহ্নিত করা হয়। পরে, মাটি খুঁড়ে ১ লাখ ২০ হাজার পিছ ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিয়ানমার থেকে আমদানি করা বিপুল পরিমাণ মাদক সাবরাং এলাকার এক মাদক ব্যবসায়ীর নিকট হস্তান্তরের জন্য মোঃ ইয়াসিন নামক এক ব্যক্তির মাধ্যমে আনা হয়েছিল। মানব পাচারকারীচক্র সমুদ্রপথে রোহিঙ্গা নাগরিকদের ব্যবহার করে মিয়ানমার হতে বাংলাদেশে এই ইয়াবার চালান প্রবেশ করায়।
লেঃ কর্নেল আশিকুর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ  অভিযানটি সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবি’র কঠোর ও জিরো টলারেন্স নীতিরই প্রতিফলন। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
