# আমরা কনভিন্সড, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: মির্জা ফখরুল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-27
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/amra-knvinsd-februyarite-nirwacn-hbe-mirja-fkhrul](https://dailyfulki.com/article/amra-knvinsd-februyarite-nirwacn-hbe-mirja-fkhrul)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2753.md](https://dailyfulki.com/news/2753.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সংশয় নেই।

স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার ভাষণে ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে আরও জোরালো অবস্থান থাকা উচিত ছিল কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টার ভাষণে এটি খুবই জোরালো ছিল। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো সংশয় নেই। আমরা কনভিন্সড ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা অত্যন্ত খুশি এজন্য যে, প্রথমবারের মতো বিরোধী রাজনৈতিক দলগুলোকে তিনি সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ত করে জাতিসংঘে নিয়ে এসেছিলেন। সেখানে তার মূল উদ্দেশ্য ছিল জাতির যে ঐক্য সেটিকে প্রকাশ করা। যেটা ইউনিক একটা এফোর্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই প্রয়োজন। সেটার তিনি উদ্যোগ নিয়েছেন। সেজন্য আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমাদের নেতা তারেক সেজন্য এটিকে সমর্থন করেছেন।’

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বলেছি আমরা নিম্নকক্ষ পিআরের পক্ষে নই। আমরা ওপরের দিকেও পিআরের কথা বলিনি। তবে সেগুলো পরবর্তীতে আলোচনা করে সমস্যার সমাধান করা যেতে পারে।’

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
