# নির্বাচনে কোনো বিশেষ দলকে জিতিয়ে দিতে চাইলে জনগণ ছেড়ে দেবে না : রিজভী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-26
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nirwacne-kono-bisesh-dlke-jitiye-dite-caile-jngn-chere-debe-na-rijvee](https://dailyfulki.com/article/nirwacne-kono-bisesh-dlke-jitiye-dite-caile-jngn-chere-debe-na-rijvee)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2743.md](https://dailyfulki.com/news/2743.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিতর্কিত ডাকসু-জাকসু নির্বাচনের পর থেকেই আগামী জাতীয় নির্বাচন উদ্দেশ্যমূলক ফলাফলের দিকে যাচ্ছে কি না, তা নিয়ে জনমনে তীব্র শঙ্কা তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনে যদি কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে জিতিয়ে দেওয়ার ‘নীলনকশা’ করা হয়, তবে দেশের জনগণ তা কোনোভাবেই ছেড়ে দেবে না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ‘ডাকসু নির্বাচন হওয়া নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু যে পদ্ধতিতে হয়েছে তা নিয়ে আমাদের গুরুতর আপত্তি আছে।’

সরাসরি অভিযোগ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) ‘সবার জন্য সমান সুযোগ’ নিশ্চিত না করেই এই নির্বাচন করেছেন।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নীলক্ষেত থেকে ব্যালট ছাপানো হলো কেন? এটা কি কোনো একটি দল বা গোষ্ঠীর স্বার্থে ডাকসু নির্বাচন করা হলো না?’ রিজভী মনে করেন, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল এই গুরুতর বিষয়গুলো খতিয়ে দেখা। তার আশঙ্কা, এ ধরনের ঘটনা চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচনেও ‘উদ্দেশ্যমূলক ফলাফল’ হবে কি না, সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক।

আগামী নির্বাচন প্রসঙ্গে এই বিএনপি নেতা তার কঠোর অবস্থান তুলে ধরে বলেন, শেখ হাসিনা অতীতে ‘অবাধ সুষ্ঠু নির্বাচন মাটির তলায় চাপা দিয়ে’ তার রাজত্ব কায়েম করতে চেয়েছেন এবং একে-ওকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

রিজভী আশঙ্কা প্রকাশ করে বলেন, ঠিক সেই একই কায়দায় যদি আগামী নির্বাচনেও কাউকে বা কোনো দলকে জিতিয়ে দেয়ার নীলনকশা থাকে, তবে তা জাতির জন্য হবে চরম দুর্ভাগ্যজনক।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
