# গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি ইয়াসিন, জিএস রায়হান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-26
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gn-biswbidzaly-chatr-sngsd-nirwacne-vipi-yasin-jies-rayhan](https://dailyfulki.com/article/gn-biswbidzaly-chatr-sngsd-nirwacne-vipi-yasin-jies-rayhan)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2732.md](https://dailyfulki.com/news/2732.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সাভারের গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন মো. রায়হান খান। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন সামিউল হাসান শোভন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

 

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪ হাজার ৭৬১ জন।

এবারের নির্বাচনে গকসুর ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৬৩ জন প্রার্থী। গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১১ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে। মনোনয়নপত্র বিতরণ চলে ২৬–২৮ আগস্ট পর্যন্ত। যাচাই-বাছাই শেষে ৮ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয় এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয় ১৪ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় প্রতিটি প্রার্থীর ডোপ টেস্ট করানো হয়। পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হয়েছে।

 

গকসু নির্বাচন কমিশনের মুখপাত্র ফুয়াদ হোসেন জানান, প্রতিটি কেন্দ্রে একজন করে রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন। পাশাপাশি ভোট পরিচালনার কাজে ৩৮ জন শিক্ষক পোলিং অফিসার ও সমানসংখ্যক সহকারী পোলিং অফিসার ছিলেন।

শৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল ৩০০ পুলিশ সদস্য, এবং তদারকিতে ছিলেন ডিজিএফআই, এনএসআই ও ডিবি কর্মকর্তারা।

দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (গকসু) চালু রয়েছে।
প্রথমবার গকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালে, তবে প্রশাসনিক জটিলতায় নির্বাচিত সংসদ পুরো মেয়াদে কাজ করতে পারেনি। ২০২০ সালের ডিসেম্বরে ওই সংসদ বিলুপ্ত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দীর্ঘ পাঁচ বছর পর এটাই গকসুর চতুর্থ কার্যনির্বাহী সংসদ গঠনের নির্বাচন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
