# মানিকগঞ্জ ঘিওরে ডাকাতদের হাতে গৃহবধূ খুন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-23
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnj-ghioore-dakatder-hate-grrihbdhuu-khun](https://dailyfulki.com/article/manikgnj-ghioore-dakatder-hate-grrihbdhuu-khun)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2665.md](https://dailyfulki.com/news/2665.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে ডাকাতদের হামলায় রাশিদা বেগম (৫৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত গ্রামে প্রবেশ করে আমির মাস্টারের পাশের বাড়িতে হানা দেয়। এ সময় তারা ঘরে থাকা রাশিদা বেগমকে হত্যা করে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ বলেন, ‘ডাকাতরা ঘরে ঢুকে লুটপাট চালায়। এ সময় গৃহবধূ রাশিদা বেগমকে হত্যা করে।’
তিনি আরও জানান, প্রায় ৩০ বছর আগে রাশিদার স্বামী নকুমুদ্দিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। পরে জীবিকার তাগিদে তিনি জর্ডান যান এবং দীর্ঘ প্রবাস জীবন শেষে প্রায় এক দশক আগে দেশে ফিরে আসেন। তার গ্রামের বাড়ি কুমুরিয়ায় হলেও সাত বছর আগে পশ্চিম বাইলজুড়ী গ্রামে নিজ বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন।

রাশিদার একমাত্র মেয়ে তাসলিমা বর্তমানে জর্ডানে অবস্থান করছেন। গ্রামে তিনি একাই থাকতেন। তবে ঘটনার রাতে তার ভাইয়ের মেয়ে ও নাতি বেড়াতে এসে পাশের ঘরে ছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। মরদেহকে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।’
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
