# সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-23
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-upjela-prsasner-udzoge-durgapuujar-nirapttay-prstuti-sva-onushthit](https://dailyfulki.com/article/savar-upjela-prsasner-udzoge-durgapuujar-nirapttay-prstuti-sva-onushthit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2660.md](https://dailyfulki.com/news/2660.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে ২১৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকার।

সভায় জানানো হয়, এ বছর সাভারে ২১৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সিসি ক্যামেরা স্থাপন এবং প্রতিটি মণ্ডপে পাহারা ও টহল জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ইউএনও আবুবকর সরকার বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের দেশের একটি অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে সর্বত্র আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। তবে আনন্দ উদযাপনের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিটি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল নিয়মিত টহল ও পাহারার ব্যবস্থা করবে। সিসি ক্যামেরা স্থাপন, আগত ভক্তদের জন্য শৃঙ্খলাপূর্ণ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আমরা চাই পূজা উদযাপনে যেন কোনো অনাকাঙ্ঘিত ঘটনা না ঘটে। সবাই মিলেমিশে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহনশীলতার মাধ্যমে উৎসব পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটি, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে পূজাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলার যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান, জামায়াতে ইসলামী ঢাকা জেলার সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজি জামালউদ্দিন সরকার, সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ ভৌমিক নয়ন, সাধারণ সম্পাদক প্রদীপ দাস, সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আরিফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
