# রাজধানীতে ৯ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-22
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rajdhaneete-9-ghntay-105-milimitar-brrishtipat](https://dailyfulki.com/article/rajdhaneete-9-ghntay-105-milimitar-brrishtipat)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2633.md](https://dailyfulki.com/news/2633.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : রাজধানীতে রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ৯ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

মৌসুমি বায়ুর প্রভাবে হওয়া এ বৃষ্টিকে অতি ভারী বৃষ্টি হিসেবে অভিহিত করেছেন আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।

তিনি জানান, আজ রাজধানীতে আর তেমন বৃষ্টির আশঙ্কা নেই। তবে আজই উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে বিশেষ করে খুলনা অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী বুধবার থেকে আরেকটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। সকাল থেকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, মণিপুরিপাড়া, নিউ মার্কেট, আসাদগেট ও জিগাতলা এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। সকাল সাড়ে ১০টার দিকেও নিউ মার্কেট এলাকায় সড়কে পানি আটকে ছিল। ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ ও মতিঝিলের রাস্তায় কোমরসমান পানি পার হয়ে কর্মস্থলে যেতে হয়েছে অনেককে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফেনীতে, ১১৬ মিলিমিটার।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
