# মোহাম্মদপুর থানার এসি-পরিদর্শকসহ ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-19
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mohammdpur-thanar-esi-pridrsksh-3-pulis-krmkrta-prtzahar](https://dailyfulki.com/article/mohammdpur-thanar-esi-pridrsksh-3-pulis-krmkrta-prtzahar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2537.md](https://dailyfulki.com/news/2537.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুর থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম ও ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মাসুদকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, প্রশাসনিক কারণে তাদের ডিএমপি সদর দপ্তর ও রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করছেন।

 

এসব মিছিলে ককটেল বিস্ফোরণসহ নানা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বিশেষ করে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিভিন্ন এলাকায় এ ধরনের মিছিল বের হতে দেখা যায়। এ কারণে প্রতিটি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছিল ডিএমপি।

 

থানা সূত্রে আরও জানা যায়, শুক্রবার দুপুরে সিভিল পোশাকে মোহাম্মদপুর থানায় হঠাৎ পরিদর্শনে আসেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস. এন. মো. নজরুল ইসলাম।

 

এ সময় তিনি দেখতে পান—থানার দায়িত্বে থাকা কর্মকর্তারা ডিউটি পয়েন্টে না থেকে থানার ভেতরে বসে খাবার খাচ্ছেন। পরে দায়িত্বে অবহেলার কারণে এসি এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম ও ডিউটি অফিসার এসআই মাসুদকে সঙ্গে সঙ্গে প্রত্যাহারের নির্দেশ দেন অতিরিক্ত কমিশনার।

 

ডিএমপি সূত্র বলছে, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রত্যেক থানার কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এ পরিস্থিতিতে মোহাম্মদপুর থানায় দায়িত্বে থাকা কর্মকর্তাদের অবহেলা পুলিশ সদর দপ্তরের নজরে আসে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
