# রাকসু নির্বাচন: কোন হলের শিক্ষার্থী কোন কেন্দ্রে ভোট দেবেন, জানাল ইসি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-19
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/raksu-nirwacn-kon-hler-siksharthee-kon-kendre-vot-deben-janal-isi](https://dailyfulki.com/article/raksu-nirwacn-kon-hler-siksharthee-kon-kendre-vot-deben-janal-isi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2525.md](https://dailyfulki.com/news/2525.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৯টি ভবনে ১৭টি কেন্দ্রে ৯৯০ বুথের মাধ্যম ভোটগ্রহণ হবে। কোন হলের ভোটাররা কোন ভবনের কেন্দ্রে ভোট দেবেন- তা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

 

নির্বাচন কমিশনের সদস্য ও নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন একাডেমিক ভবনে সমাজকর্ম বিভাগের ১৫৬ নাম্বার কক্ষে ভোট দেবে মন্নুজান হল।

 

ড. মুহাম্মদ শহীদুল্লাহ কলা ভবনে বাংলা বিভাগের ১৫০ নম্বর গ্যালারিতে শহীদ জিয়াউর রহমান হল, ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে ভোট দেবেন দুইটি হলের ভোটাররা। ভবনের উত্তর গেট দিয়ে প্রবেশ করে ১২৮ নাম্বার কক্ষে জুলাই-৩৬ হল এবং দক্ষিণ-পূর্ব গেট ব্যবহার করে ১২২ নাম্বার কক্ষে রোকেয়া হল।

 

রবীন্দ্র ভবনে ভোট দেবেন তিনটি হলের ভোটাররা। পূর্ব-মধ্য গেট দিয়ে প্রবেশ করে  ১৪৬ নাম্বার কক্ষে তাপসী রাবেয়া হল, পূর্ব-দক্ষিণ ফটক দিয়ে প্রবেশ করে ১১৯ নাম্বার কক্ষে বেগম খালেদা জিয়া হল এবং দক্ষিণ পশ্চিম ফটক ব্যবহার করে ১২৩ নাম্বার কক্ষে রহমতুন্নেসা হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করবেন।

 

এদিকে জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনে ভোট দেবেন দুইটি হলের ভোটাররা। ১৩৩ নাম্বার কক্ষে শহীদ হবিবুর রহমান হল এবং ১০১ নাম্বার কক্ষে শহীদ শামসুজ্জোহা হল, জামাল নজরুল বিজ্ঞান ভবনের সিএসএলর ১২৫ নাম্বার কক্ষে বিজয়-২৪ হল এবং দক্ষিণ-পশ্চিম ফটক ব্যবহার করে ১১৬ নাম্বার কক্ষে নবাব আব্দুল লতিফ হল, সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ১৩৩ নাম্বার কক্ষে শেরেবাংলা ফজলুল হক হল এবং ২০৮ নাম্বার কক্ষে মতিহার হল, জগদীশ চন্দ্র একাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে মাদার বখশ হল এবং ১০৫ নাম্বার কক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।

 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পূর্ব হল রুমে সৈয়দ আমীর আলী হল এবং পশ্চিম হল রুমে শাহ মখদুম হলের ভোট গ্রহণ চলবে।

 

ভোটগ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে ভোট গণনা চলবে এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

 

বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, রাকসু নির্বাচনে ৯টি একাডেমিক বিল্ডিংয়ে ১৭টি কেন্দ্র এবং ৯৯০টি বুথ স্থাপন করা হবে। এছাড়া ভোট গণনা রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে এবং ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। ভোট গণনার পুরো সময়টি সিসি টিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে।

 

এর আগে ২৮ জুলাই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী সোমবার থেকে শুরু করে ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চলবে। ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ করা হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
