# যাঁরা পিআর বোঝেন না, তাঁরা রাজনীতি থেকে ছিটকে যাবেন: ফয়জুল করীম

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-17
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/zannra-piar-bojhen-na-tannra-rajneeti-theke-chitke-zaben-fyjul-kreem](https://dailyfulki.com/article/zannra-piar-bojhen-na-tannra-rajneeti-theke-chitke-zaben-fyjul-kreem)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2485.md](https://dailyfulki.com/news/2485.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, যারা বলেন ‘পিআর খায় না মাথায় দেয়’ তারা পুরোনো বন্দোবস্তকে জারি রাখতে চায়। যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারির রাজনীতি করতে চায়, তারাই পিআরের বিরোধিতা করে। কিন্তু দেশের মানুষ পুরোনো ব্যবস্থার পরিবর্তন চায়। সাধারণ জনতা পিআর চায়। যারা পিআর বোঝেন না তারা রাজনীতি থেকে ছিটকে যাবেন।’

মঙ্গলবার রাজধানীর আজিমপুরে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মাদ ফয়জুল করীম আরও বলেন, ‘রাষ্ট্র হবে জালেমের বিরুদ্ধে মজলুমকে রক্ষার প্রতিষ্ঠান। দুর্বলের অধিকার রক্ষায় প্রতিষ্ঠান। কিন্তু বিগত ৫৪ বছরের যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা রাষ্ট্রকে জুলুমের প্রতিষ্ঠান বানিয়ে সাধারণ ও গরিব মানুষের ওপরে অত্যাচার করেছে। জুলাই অভ্যুত্থানের পরে এখন সুযোগ এসেছে রাষ্ট্রকে নতুন করে নির্মাণ করা। রাষ্ট্রকে এমনভাবে নির্মাণ করতে হবে যেন তা মজলুমের পক্ষে দাঁড়ায়, ক্ষুধাতুরের খাবারের ব্যবস্থা করে, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, আশ্রয়হীনকে আশ্রয় দেয়। সেই রাষ্ট্র নির্মাণ করার জন্য পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন দিতে হবে।’

আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, ‘আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে কোনো মানুষ ক্ষুধায় কষ্ট পাবে না। কোনো মানুষ খোলা আকাশের নিচে থাকবে না। কেউ জুলুমের শিকার হবে না। কেউ মিথ্যা মামলায় জর্জরিত হবে না।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতেয়াজ আলম, মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ, যুব নেতা ইলিয়াস হাসান, ছাত্র নেতা ইমরান হোসেন নুরসহ মহানগর ও থানা নেতৃবৃন্দ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
