# আশুলিয়ায় বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষে আহত ৬

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-17
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-bienpir-dui-grupe-sngghrshe-aht-6](https://dailyfulki.com/article/asuliyay-bienpir-dui-grupe-sngghrshe-aht-6)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2480.md](https://dailyfulki.com/news/2480.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে আশুলিয়ার মোজারমিল এলাকায় মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার ব্রিটিশ টোবাকো কারখানায় বালু ফেলাকে কেন্দ্র করে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল ও আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জহির গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় গ্রুপের অন্তত ছয় জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে শ্রীপুরসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া বলেন, ধামসোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ দেওয়ানের অফিসে ভাঙচুর করা হয়েছে। তবে বিএনপি’র অফিস ভাঙচুর করা হয়েছে বলে প্রচার করে একটি পক্ষ। বাস্তবে সেখানে বিএনপি’র কোন অফিস নেই।

এবিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
