# জাককানইবির ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তাকে শোকজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-17
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jakkanibir-19-sikshk-oo-20-krmkrtake-sokj](https://dailyfulki.com/article/jakkanibir-19-sikshk-oo-20-krmkrtake-sokj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2462.md](https://dailyfulki.com/news/2462.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ময়মনসিংহ সংবাদদাতা :  ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টায় তিনি এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয়ের গঠিত তিনটি তদন্ত কমিটি প্রাথমিকভাবে অভিযুক্তদের কাছে এ জবাব চেয়েছে।

রেজিস্ট্রার জানান, মঙ্গলবার সংশ্লিষ্টদের কাছে শোকজের চিঠি পাঠানো হয় এবং চিঠি প্রাপ্তির দশ কার্য দিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। তবে তদন্ত কার্যক্রমের গোপনীয়তার স্বার্থে নোটিশপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়নি।

রেজিস্ট্রার মিজানুর রহমান বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যদের সমন্বয়ে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত তদন্ত কমিটি, একাডেমিক অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত তদন্ত কমিটি, বিভিন্ন সময়ে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন ঘটনার তথ্য যাচাই-বাছাই সংক্রান্ত তদন্ত কমিটিগুলোতে সিন্ডিকেট সদস্য মাহবুবুর রহমান, জাকির হোসেন খান ও অধ্যাপক আখতার হোসেন মজুমদার নেতৃত্ব দিচ্ছেন।

তিনি বলেন, সিন্ডিকেটে গঠিত এই তিনটি তদন্ত কমিটি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে যাদের বিরুদ্ধে অভিযোগপত্র পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গেছে তাদের শোকজ করা হয়েছে। তাদের কাছ থেকে জবাব নেওয়ার পর চূড়ান্তভাবে আমাদের কাছে এলে তখন বিস্তারিত বলা যাবে। এখনো তদন্ত কমিটিতেই বিষয়গুলো আছে। তদন্ত কমিটির সুপারিশের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
