# পাবনায় গৃহবধূ সাদিয়া হত্যার বিচার দাবি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-12
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/pabnay-grrihbdhuu-sadiya-htzar-bicar-dabi](https://dailyfulki.com/article/pabnay-grrihbdhuu-sadiya-htzar-bicar-dabi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/244.md](https://dailyfulki.com/news/244.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

পাবনায় গৃহবধূ সাদিয়া হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছে এলাকাবাসী। শনিবার (১২ জুলাই) সকালে সদর উপজেলার দাপুনিয়া এলাকায় বিক্ষোভ ও মানববন্ধনে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন আনারুল ইসলাম, আমিরুল ইসলাম, সাইদুল রহমান, নিহত সাদিয়ার বাবা সোহেল মোল্লা, মা ডলি বেগম, জোসনা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, সাদিয়াকে হত্যার পর থানায় মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত সাব্বির প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অবিলম্বে অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তাঁরা।

সদর উপজেলার টিকোরি গ্রামের প্রবাসী সোহেল মোল্লার মেয়ে সাদিয়া খাতুন এর চার বছর আগে বিয়ে হয় পাশের কাজীপাড়া গ্রামের সালাম প্রামানিকের  ছেলে সাব্বির হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকে যৌতুক দাবি করে সাদিয়াকে নির্যাতন করতেন সাব্বির।

একপর্যায়ে যৌতুক দিতে না পারায় গত ২৬ জুন রাতে তাকে মারধর করেন সাব্বির। এতে সাদিয়ার মৃত্যু হয়। পরে সাব্বির একটি নাটক সাজিয়ে সাদিয়াকে হাসপাতালে নিয়ে যান এবং তাকে সেখানে ফেলে পালিয়ে যান। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন সাব্বির ও তার পরিবারের লোকজন।

এ ঘটনায় নিহত সাদিয়ার মা ডলি খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায়  আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে মামলা করেন। মামলায় সাদিয়ার স্বামী সাব্বির, তার বাবা-মা ও দুই ভাই মোট পাঁচজনকে আসামি করা হয়।

এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পুলিশ আসামি ধরছে না এই অভিযোগ সত্য নয়। কারণ আসামি গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে একটি টিম গঠন করা হয়েছে। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আসামিকে গ্রেপ্তারের।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
