# একসঙ্গে জন্ম নেওয়া সেই ৬ শিশুর চারজনের মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-15
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/eksngoe-jnm-newa-sei-6-sisur-carjner-mrritzu](https://dailyfulki.com/article/eksngoe-jnm-newa-sei-6-sisur-carjner-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2352.md](https://dailyfulki.com/news/2352.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়া যমজ ছয় নবজাতকের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ঢামেক হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) থাকা দুই নবজাতক মারা যায়। রোববার রাত ৩টার দিকে রাজধানীর কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালে (এনআইসিইউ) চিকিৎসাধীন এক কন্যাশিশুর মৃত্যু হয়। একইদিন  সন্ধ্যা ৬টার দিকে ঢামেকে চিকিৎসাধীন আরেক নবজাতকের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মোকসেদা আক্তার প্রিয়ার ননদ ফারজানা আক্তার।

মৃতদের মধ্যে তিনজন ছেলে ও একজন মেয়ে নবজাতক রয়েছে। বর্তমানে দুই কন্যাশিশু রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

এর আগে রোববার সকাল ৯টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা মোকসেদা আক্তার প্রিয়া (২৩) ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন। জন্মের পরপরই তিন নবজাতককে ঢামেকের এনআইসিইউতে এবং তিনজনকে কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের ইউনিট-১ এর সহযোগী অধ্যাপক ডা. আবিদা সুলতানা জানান, শনিবার রাতে প্রিয়া ভর্তি হন। সকালে তিনি একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন। তবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি ‘বেবি’ বলা যায় না, এটি আসলে ২৭ সপ্তাহের ইনএবিটেবল অ্যাবরশন। এর আগে প্রিয়ার একটি পূর্ণবয়স্ক শিশু জন্ম হয়েছিল, তবে সেটি ডেলিভারির সময় মারা যায়। এবার জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে তিনজনের ওজন প্রায় ৯০০ গ্রাম এবং বাকি তিনজনের ৮০০ গ্রাম।

তিনি বলেন, শিশুদের মধ্যে তিনজন ঢামেকের এনআইসিইউতে এবং তিনজন বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই জীবিত আছে, ভালো আছে।

ডা. আবিদা সুলতানা আরও বলেন, আমাদের দেশে সাধারণত ২৮ সপ্তাহকে ‘ভায়াবল এইজ’ হিসেবে ধরা হয়। এই রোগীর ক্ষেত্রে ডেলিভারি আগেই হয়ে গেছে। তবে ঢামেকের উন্নত এনআইসিইউ ফ্যাসিলিটি থাকায় ভাগ্যে থাকলে শিশুরা বেঁচে যেতে পারে।

তিনি যোগ করেন, সাধারণত একসঙ্গে ছয়টি শিশু গর্ভে ধারণ করা স্বাভাবিকভাবে সম্ভব নয়। রোগী ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ সেবন করেছিলেন, যার কারণে একসঙ্গে একাধিক সন্তান ধারণ হয়েছে। জরায়ুর সীমিত ধারণক্ষমতার কারণে আগেভাগেই ডেলিভারি হয়েছে। এখন পুরো বিষয়টি আল্লাহর হাতে, আমরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি।

ফার্টিলিটি চিকিৎসার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ সেবনের ফলে একসঙ্গে দুই, তিন, চার কিংবা এমনকি ছয়টি সন্তান ধারণ হওয়া সম্ভব। আবার ইনফার্টিলিটি চিকিৎসায় আইভিএফ পদ্ধতিতেও একাধিক ভ্রূণ গঠিত হয়। সাধারণত অতিরিক্ত ভ্রূণ থাকলে কয়েকটি অপসারণ করে বাকিগুলোকে বড় হওয়ার সুযোগ দেওয়া হয়; কিন্তু এই রোগী ওই ধরনের কোনো পদ্ধতি গ্রহণ করেননি। ফলে একসঙ্গে ছয়টি ভ্রূণই বেড়ে উঠেছে এবং জরায়ুর সীমাবদ্ধ ধারণক্ষমতার কারণে আগেভাগেই ডেলিভারি হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের ইনফার্টিলিটি চিকিৎসা নিলে কনসেপশনের পর রোগীকে নিয়মিত চিকিৎসকের ফলোআপে থাকতে হয়। অনেক সময় রোগীরা প্রথম ধাপ পার হয়ে গেলে আর চিকিৎসকের শরণাপন্ন হন না, তখনই এ ধরনের ঘটনা ঘটে।

প্রিয়ার আত্মীয় বাবুল জানান, তারা নোয়াখালীর সেনবাগ থেকে এসেছেন। প্রিয়া তার শ্যালক হানিফের স্ত্রী, যিনি কাতার প্রবাসী।

তিনি বলেন, প্রিয়া ছয় সন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে তিনজন ঢামেকের এনআইসিইউতে এবং তিনজন কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা আমাদের প্রতি খুব ভালো সহযোগিতা করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
