# ঠাকুরগাঁওয়ে সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, হাতেনাতে ধরলেন উপদেষ্টা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-14
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/thakurgannwe-srkari-garite-mezadotteern-ooshudh-hatenate-dhrlen-updeshta](https://dailyfulki.com/article/thakurgannwe-srkari-garite-mezadotteern-ooshudh-hatenate-dhrlen-updeshta)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2314.md](https://dailyfulki.com/news/2314.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ঠাকুরগাঁও  সংবাদদাতা : ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তারের সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ঔষধ হাতেনাতে ধরেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এ ঘটনায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচীব জবাইদুল কবিরকে আহ্বায়ক করে তিন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা সার্কিট হাউজে এ ঘটনা ঘটে। এদিন রাতে জেলা ও উপজেলার মৎস্য এবং প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় এ ঘটনাটি নজরে আসে।

জানা যায়, স্থানীয় সংবাদকর্মীরা একটি গোপন সংবাদের ভিত্তিতে সভা চলাকালীন সময়ে ঠাকুরগাঁও সার্কিট হাউজ চত্বরে রাখা বালিয়াডাঙ্গী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তার সরকারি গাড়িটি চেক করতে যান। এ সময় গাড়ি চালক তার কর্মকর্তাকে খবর দিলে প্রথমে গাড়ির দরজা খুলতে অস্বীকৃতি জানান ওই কর্মকর্তা।

পরবর্তীতে সাংবাদিকরা বিষয়টি উপদেষ্টা ফরিদা আখতারকে অবগত করেন। পরে তিনি নিজেই গাড়িটি তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে গাড়ি থেকে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ঔষধ উদ্ধার হয়।

মেয়াদোত্তীর্ণ ঔষধ হাতে-নাতে ধরা পড়ার পর ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেন- এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া বড় ধরনের অনিয়ম। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের অন্য কর্মকর্তাদের মধ্যেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

স্থানীয়রা মনে করছেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ পশু ও প্রাণিসম্পদে ব্যবহার করা হলে ভয়াবহ ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
