# চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-14
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/caksu-nirwacner-mnonynptr-bitrn-suru](https://dailyfulki.com/article/caksu-nirwacner-mnonynptr-bitrn-suru)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2302.md](https://dailyfulki.com/news/2302.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।

রোববার থেকে চাকসু ভবনে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, চাকসু নির্বাচনে ২৬টি পদে এবং হলের ১৫টি পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

রোববার সকাল থেকে শুরু হওয়া এ মনোয়নপত্র বিতরণ ও জমাদান চলবে বুধবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

অধ্যাপক মনির জানান, মনোয়নপত্র বিতরণের প্রথম দিনে প্রথম মনোয়নপত্র সংগ্রহ করেছেন ক্রীড়া সম্পাদক পদে শাহজালাল হলের শিক্ষার্থী তায়েবুল আলম ফরাজী।

দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। বিভিন্ন সময়ে চাকসু নির্বাচন নিয়ে কথা উঠলেও ভোটের আয়োজন হয়নি।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজনৈতিক দলবিহীন সরকারের অধীনে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ২৮ অগাস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এর আগে চাকসুর সবশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট ১৪টি হল ও একটি হোস্টেল রয়েছে; যার মধ্যে পাঁচটি ছাত্রীদের এবং ১০টি ছাত্রদের।

বিশ্ববিদ্যালয়ের ৪৯টি বিভাগ ও পাঁচটি ইনস্টিটিউটের ২৭ হাজার ৬৩৪ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে চাকসু নির্বাচনের ওয়েবসাইটে। তবে সেখানে হলভিত্তিক তালিকা এখনও প্রকাশ করা হয়নি।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির বলেন, “হল ভিত্তিক তালিকা শিগগিরই প্রকাশিত হবে। বিভাগভিত্তিক তালিকা অনুযায়ী আমরা মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছি।”

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমাদান শেষে ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এর আগে ২৩ সেপ্টেম্বর মনোনয়ন সংগ্রহকরা শিক্ষার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন এবং পরদিন প্রার্থিতা নিয়ে আপত্তি গ্রহণ নিষ্পত্তি হবে।

আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পর থেকে নির্বাচনের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত প্রচার চালানো যাবে। সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে প্রচার চালানোর কথা বলা হয়েছে।

চাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস ছাড়াও ক্রীড়া সম্পাদক, সহ-ক্রীড়া সম্পাদক, সাহিত্য সংস্কৃতি এবং প্রকাশনা সম্পাদক, সহ- সাহিত্য সংস্কৃতি এবং প্রকাশনা সম্পাদক, দপ্তর, সহ দপ্তর, নারী শিক্ষার্থীদের জন্য ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক, সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পদক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক, সহ যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে এবং পাঁচটি নির্বাহী সদস্যসহ ২৬টি পদে নির্বাচন হবে।

এদিকে হলগুলোতে ভিপি, জিএস, এজিএস ছাড়া ক্রীড়া সম্পাদক, সাহিত্য সংস্কৃতি এবং প্রকাশনা সম্পাদক, দপ্তর, রিডিং, ডাইনিং ও হল লাইব্রেরি, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, বিজ্ঞান, গবেষণা তথ্য ও প্রযুক্তি বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক এবং তিনটি নির্বাহী সদস্য পদে নির্বাচন হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
