# জাকসুতে অভাবনীয় জয়ে শুকরানা নামাজ আদায় শিবিরের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-14
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jaksute-ovabneey-jye-sukrana-namaj-aday-sibirer](https://dailyfulki.com/article/jaksute-ovabneey-jye-sukrana-namaj-aday-sibirer)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2300.md](https://dailyfulki.com/news/2300.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অভাবনীয় জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, ২৫ পদের মধ্যে ২০ টিতেই জয়ী হয়েছেন সংগঠনটির প্রার্থীরা। এর আগে ডাকসু নির্বাচনে ২৮ পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছিল ঢাবি শিবির।

ফলাফল ঘোষণার পর রাতে জাবির কেন্দ্রীয় মসজিদে শুকরানা নামাজ আদায় করে শিবির নেতাকর্মীরা।

এ সময় নেতারা ডাকসু নির্বাচনে এক সাংবাদিকের মৃত্যু এবং জাকসুতে পোলিং এজেন্টের দায়িত্ব পালনকালে এক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এর আগে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শিবির জানায়, যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া একসময় হত্যাযোগ্য ছিল, সেই ক্যাম্পাসেই আজকের এই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা সারাদেশে কোথাও কোনো আনন্দ মিছিল করবো না, শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারও প্রতি আমাদের কোনো অনুযোগ বা বিদ্বেষ নেই। আমরা নিজেদের ও সকল ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই। গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলো, আর উদারতা ও বিনয় হোক আমাদের ব্যবহারের অলংকার।

শিবির নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার গৌরবোজ্জ্বল ঐতিহাসিক যাত্রা ও নানান ঐতিহ্যের প্রতীক হিসেবে সম্প্রীতির অনন্য উপমা হয়ে উঠুক। আর প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হয়ে উঠুক সবার বাংলাদেশ। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
