# জাকসু জয়ে মিছিল নয়, ‘সিজদায় শুকরিয়া’ জানাবে ছাত্রশিবির

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-13
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jaksu-jye-michil-ny-sijday-sukriya-janabe-chatrsibir](https://dailyfulki.com/article/jaksu-jye-michil-ny-sijday-sukriya-janabe-chatrsibir)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2275.md](https://dailyfulki.com/news/2275.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নিজেদের প্যানেলের একচেটিয়া বিজয়ে আনন্দ মিছিল না করার কথা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সংগঠনটি বলেছে, বিজয় উদযাপনে মিছিল করার পরিবর্তে তারা ‘সিজদার মাধ্যমে’ সৃষ্টিকর্তার প্রতি ‘শুকরিয়া’ জানাবে।

ভোট গ্রহণের প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার বিকালে জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে ১৯টি সম্পাদকীয় পদের মধ্যে ১৫টি জিতেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল। বাকি চারটি পদের মধ্যে ভিপিসহ তিনটি পদে স্বতন্ত্র এবং একটিতে বাগছাস প্রার্থী জয় পেয়েছেন।

ফল ঘোষণার পরই প্রতিক্রিয়া আসে ইসলামী ছাত্রশিবিরের তরফে, যেখানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহ অতি মহান। ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হলেন।

“যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য, সেই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা দেশের কোথাও কোনো আনন্দ মিছিল করব না, শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব।”

শিবির সভাপতি বলেন, “কারও প্রতি আমাদের কোনো অনুযোগ বা বিদ্বেষ নেই। আমরা নিজেদের ও সকল ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই।

“গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলো, আর উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার।”

তিনি বলেন, “গৌরবোজ্জ্বল ঐতিহাসিক যাত্রা ও নানান ঐতিহ্যের প্রতীক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক সম্প্রীতির অনন্য উপমা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হয়ে উঠুক সবার বাংলাদেশ।”

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
