# হাসপাতালে ওষুধ কম্পানির প্রভাব ঠেকাতে জরুরি নির্দেশনা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-13
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/haspatale-ooshudh-kmpanir-prvab-thekate-jruri-nirdesna](https://dailyfulki.com/article/haspatale-ooshudh-kmpanir-prvab-thekate-jruri-nirdesna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2260.md](https://dailyfulki.com/news/2260.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সরকারি চিকিৎসকদের পেশাগত ভাবমূর্তি রক্ষা এবং হাসপাতালগুলোতে ওষুধ কম্পানির অযাচিত প্রভাব ঠেকাতে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই নির্দেশনায় চিকিৎসকদেরকে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা এড়িয়ে চলতে এবং রোগীদের জন্য নিরপেক্ষ চিকিৎসাসেবা নিশ্চিত করতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে পাঠানো এ নির্দেশনায় মোট আটটি বিষয় উল্লেখ করা হয়েছে, যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ওষুধ কম্পানির প্রতিনিধিদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের ওপর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন ওষুধ কম্পানির প্রতিনিধিরা। নির্ধারিত সময়ের বাইরে হাসপাতাল প্রাঙ্গণে তাদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। সাক্ষাতের সময় প্রতিনিধিদের অবশ্যই কম্পানির পরিচয়পত্র দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে এবং কোনোভাবেই রোগীর তথ্য সংগ্রহ বা প্রেসক্রিপশনের ছবি তোলা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সরকারি হাসপাতালের চিকিৎসকেরা বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের প্যাডে ব্যবস্থাপত্র লিখতে পারবেন না।

হাসপাতালে মজুত থাকা ওষুধ বা পরীক্ষা বাইরে থেকে করানোর নির্দেশ দেওয়া যাবে না। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোনো বেসরকারি সিল ব্যবহার করা যাবে না, তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার করা যাবে। এ ছাড়া বেসরকারি ওষুধ কম্পানির সরবরাহ করা ওষুধের তালিকা টেবিলে রাখা নিষিদ্ধ করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
