# জাকসু নির্বাচনের ফল প্রকাশে কেন এই ধীরগতি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-13
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jaksu-nirwacner-fl-prkase-ken-ei-dheergti](https://dailyfulki.com/article/jaksu-nirwacner-fl-prkase-ken-ei-dheergti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2229.md](https://dailyfulki.com/news/2229.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ফল ঘোষণা করার কথা ছিল। তবে রাতে জানানো হয়, শুক্রবার সকালে জানা যাবে ভোটের ফল। পরে জানানো হয়, দুপুরে ফল প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন সর্বশেষ জানিয়েছে, ফল জানাতে অনেক রাত হতে পারে।

এদিকে শনিবার রাত ২টা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোট গণনা চলছিল। এর আগে রাত ৮টায় হল সংসদ নির্বাচনে ২১টি হলের মধ্যে ২০টির ভোট গণনা শেষ হয়।

নির্বাচনের ফল পেতে কেন এত দেরি হচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রাশিদুল আলম জানান, শুরুতে ওএমআর মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভোটগণনার প্রস্তুতি থাকলেও প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যানুয়াল (হাতে) পদ্ধতিতে ভোট গণনা করা হয়। এ ধরনের গণনায় স্বাভাবিকভাবেই সময় বেশি লাগে।

নির্ধারিত সময় সকাল ৯টার কিছু পর কয়েকটি হলে ভোটগ্রহণ শুরু হয় এবং দু-একটি হলে ভোটগ্রহণ কিছু সময়ের জন্য স্থগিতও ছিল। বিশেষ করে দুটি বড় হলে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি কম থাকলেও বিকেলে হঠাৎ ভিড় বেড়ে যায়। 
তিনি বলেন, নিয়ম অনুযায়ী, লাইনে আসা সব ভোটারকে ভোট দেওয়ার সুযোগ দিতে গিয়ে ভোটগ্রহণ শেষ হতে রাত সাড়ে ৯টা পর্যন্ত সময় লেগে যায়। হঠাৎ করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোটগণনার সিদ্ধান্ত নেওয়ায় শুরুতে প্রয়োজনীয় প্রস্তুতি ও অভিজ্ঞতা না থাকায় গণনার গতি ছিল ধীর।

পরবর্তী সময়ে সেই গতি কিছুটা বাড়ে। শুরুতে সিনেট ভবনে পাঁচটি টেবিলে ভোটগণনা শুরু হয়, যেগুলো সিসিটিভির আওতায় ছিল। পরদিন সকালে টেবিলের সংখ্যা বাড়িয়ে ১০ করা হয় এবং সেগুলোকেও সিসিটিভির আওতায় আনা হয়, যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। রাতে বেশির ভাগ হলে পোলিং অফিসাররা উপস্থিত থাকলেও অনেকে অনুপস্থিত ছিলেন। নিয়ম অনুযায়ী, তাদের উপস্থিতিতেই ব্যালট বক্স খোলা ও ভোটগণনার কাজ সম্পন্ন হওয়া উচিত।

কিছু ক্ষেত্রে রিটার্নিং অফিসারের উপস্থিতি নিশ্চিত করতে সময় লেগে যায়, যা দেরির আরেকটি কারণ ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
