# পিআর পদ্ধতি আদায় করেই জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করবে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-12
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/piar-pddhti-aday-krei-jamayat-nirwacne-ongsgrhn-krbe](https://dailyfulki.com/article/piar-pddhti-aday-krei-jamayat-nirwacne-ongsgrhn-krbe)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2204.md](https://dailyfulki.com/news/2204.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গাইবান্ধা সংবাদদাতা : জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘পিআর পদ্ধতি আদায় করেই জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করবে।’

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত স্থানীয় মডেল মসজিদের হল রুমে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে তিনি এ কথা বলেন।

উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা আমির ও গোবিন্দগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা: আব্দুর রহিম সরকার, জেলা আমির আব্দুল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, জেলা সেক্রেটারি জহুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, উপজেলা সহকারি সেক্রেটারিসহ অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য রেজাউল করিম, প্রচার বিভাগের সেক্রেটারি মাজহারুল ইসলাম, জেলা শিবিরের সেক্রেটারি ইউসুফ আল কারযাভী, উপজেলা সভাপতি জাহিদুল ইসলাম, পৌর সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।

মাওলানা আব্দুল হালিম বলেন, ‘জনগণ প্রস্তুত একটা পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নেয়ার জন্য। জামায়াতে ইসলামীর সকল কর্মীকে জনগণের কাছে যেতে হবে, দৈনিক উল্লেখযোগ্য পরিমাণ সময় নির্বাচনী কাজে ব্যয় করতে হবে। একটি মানবিক বাংলাদেশে ও জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা করতে হলে সৎ মানুষকে দায়িত্বে নিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্র ক্ষমতায় যাইনি, কিন্তু এই দলের নেতা কর্মীদের দেশের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় দায়িত্ব পালন করতে হয়েছে এবং দলের অনেক নেতাকে মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, কিন্তু তারা কখনো দুর্নীতি করেননি এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

মাওলানা হালিম আরো বলেন, ‘মহান আল্লাহ গজবের পরিবেশ থেকে শান্তির পরিবেশ এনে দিয়েছেন। এখন আমরা উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। যাদের রক্তের মাধ্যমে এ দেশে নতুন স্বাধীনতা এসেছে তাদের চেতনা ভুলুন্ঠিত হতে দেয়া যাবে না। তাই দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
