# বৃষ্টিতে ঢাকার বাতাসে স্বস্তি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-12
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/brrishtite-dhakar-batase-swsti](https://dailyfulki.com/article/brrishtite-dhakar-batase-swsti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2183.md](https://dailyfulki.com/news/2183.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : বৃষ্টিতে রাজধানীর বাতাসে দূষণের মাত্রা কিছুটা কমেছে। এতে ছুটির দিনে বায়ুদূষণে বিশ্বের ১২৭ শহরের তালিকায় শীর্ষ ৩০ নম্বরে অবস্থান করছে ঢাকা। বৃহস্পতিবার রাজধানীর অবস্থান ছিল তালিকার শীর্ষ ২০ নম্বরে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

 

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেওয়ার পাশাপাশি সতর্ক করে। শুক্রবার সকাল ৭টায় আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা।

শহরটির বাতাসের মানের স্কোর ১৬৩। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি তালিকার শীর্ষ ২ নম্বরে অবস্থান করছে এশিয়ার দেশ ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। শহরটির বাতাসের মানের স্কোর ১৫৩। এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ৩ নম্বরে আছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহা। ১৫২ স্কোর নিয়ে শহরটির বাতাসও আজ নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। অন্যদিকে তালিকার শীর্ষ ৩০ নম্বরে ৬৬ স্কোর নিয়ে আছে রাজধানী ঢাকা।

বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
