# জাকসুর ফল ঘোষণা করতে শুক্রবার সকাল হতে পারে: নির্বাচন কমিশনের সদস্যসচিব

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-11
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jaksur-fl-ghoshna-krte-sukrbar-skal-hte-pare-nirwacn-kmisner-sdszscib](https://dailyfulki.com/article/jaksur-fl-ghoshna-krte-sukrbar-skal-hte-pare-nirwacn-kmisner-sdszscib)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2171.md](https://dailyfulki.com/news/2171.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শেষ হয়েছে। সর্বশেষ কেন্দ্র হিসেবে কাজী নজরুল ইসলাম হল থেকে ব্যালট বাক্স নির্বাচন কমিশন অফিস সিনেট হলে পৌঁছেছে রাত ৮টায়। যেখানে সব কেন্দ্রের ফল গণনা করা হবে।

তবে ভোট গণনা শুরু হতে আরও কিছু সময় লাগবে। গণনা শেষ করতে এবং ফল ঘোষণা হতে শুক্রবার সকাল হয়ে যেতে পারে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম। বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে একেএম রাশিদুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘একটু আগে কাজী নজরুল ইসলাম হলের ব্যালট বাক্স সিনেটে এসেছে। এতে সব কেন্দ্রের ব্যালট এক জায়গায় হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা গণনা শুরু করবো। ফল ঘোষণা করতে আগামীকাল সকাল হয়ে যেতে পারে।’

ওএমআর মেশিনে ফল গণনার কথা থাকলেও কিছু অভিযোগ উঠার পর হাতে গণনার ঘোষণা দেওয়া হয়। এতে আনুষ্ঠানিক ফল ঘোষণার সময় শুক্রবার সকাল পর্যন্ত লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব বলেন, ‘ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। ফলাফল পেতে আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।’

এর আগে সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে ৫টা পর্যন্ত। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার দুই ঘণ্টা পরও কাজী নজরুল ইসলাম হলে কয়েকজন শিক্ষার্থীকে ভোট দিতে দেখা যায়।

একেএম রাশিদুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের ভোটকেন্দ্রের ব্যালট বাক্সগুলো সিনেট হলে আনা হয়েছে। সিনেট হলেই ভোট গণনা শুরু হবে এবং সেটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থানে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হবে। এখানেই ফল ঘোষণা করা হবে।’

জাকসু নির্বাচনে মোট ১১ হাজার ৯১৯ শিক্ষার্থী ভোটার। ছাত্রদের হলের মধ্যে আল বেরুনী হলে ভোটার ২১০ জন, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩ জন, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ জন, শহীদ সালাম-বরকত হলে ২৯৮ জন, মওলানা ভাসানী হলে ৫১৪ জন, ১০ নম্বর ছাত্র হলে ৫২২ জন, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০ জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ জন, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫ জন, জাতীয় কবি নজরুল হলে ৯৯২ জন এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন ভোটার রয়েছেন।

ছাত্রীদের হলের মধ্যে নওয়াব ফয়জুন্নেসা হলে ২৭৯ জন, জাহানারা ইমাম হলে ৩৬৭ জন, প্রীতিলতা হলে ৩৯৬ জন, বেগম খালেদা জিয়া হলে ৪০৩ জন, সুফিয়া কামাল হলে ৪৫৬ জন, ১৩ নম্বর ছাত্রী হলে ৫১৯ জন, ১৫ নম্বর ছাত্রী হলে ৫৭১ জন, রোকেয়া হলে ৯৫৬ জন, ফজিলাতুন্নেছা হলে ৭৯৮ জন এবং তারামন বিবি হলে ৯৮৩ জন ভোটার রয়েছেন।

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৯১৯। নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ প্রার্থী। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত ৮টি প্যানেল অংশগ্রহণ করে। তবে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে ছাত্রদলসহ বামপন্থি সমর্থিত পাঁচটি প্যানেল।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
