# সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-11
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/senabahineer-nirwahee-mzajistresi-kshmtar-meyad-aroo-barl](https://dailyfulki.com/article/senabahineer-nirwahee-mzajistresi-kshmtar-meyad-aroo-barl)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2159.md](https://dailyfulki.com/news/2159.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড (কমিশনপ্রাপ্ত) কর্মকর্তাদের সারা বাংলাদেশে ১২ সেপ্টেম্বর থেকে ৬০ দিনের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।

এতে আরও বলা হয়, কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তারাও ওই সময়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর—৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বছরের ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। ৩০ সেপ্টেম্বর থেকে নৌ-বাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেওয়া হয়। এরপর থেকে ধাপে ধাপে ৬০ দিন করে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়িয়েছে সরকার।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
