# জাকসু নির্বাচন : ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-11
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jaksu-nirwacn-chatrdler-jruri-sngbad-smmeln](https://dailyfulki.com/article/jaksu-nirwacn-chatrdler-jruri-sngbad-smmeln)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2133.md](https://dailyfulki.com/news/2133.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে একটি সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল।

লিখিত বক্তব্যে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী মো. শেখ সাদী হাসান বলেন, ‘আমরা জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু প্যানেল ঘোষণার পর থেকে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা নিয়ে প্রচারণা চালিয়ে আসছি। সাধারণ শিক্ষার্থীদের বিপুল সাড়া পেয়ে আমরা যখন জাকসুতে পূর্ণ প্যানেল বিজয়ের আশা করছি ঠিক ভোট গ্রহণের আগের রাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে জামায়াতে ইসলামীর কোনো এক অখ্যাত কম্পানি থেকে ক্রয় প্রক্রিয়া যথাযথ অনুসরণ না করে নির্বাচন কমিশন জাকসু নির্বাচনের ব্যালট পেপার ও ভোট গণনার ওএমআর মেশিন সরবরাহ করেন।

তিনি আরো বলেন, ‘ছাত্র শিবিরের প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনায় কারচুপি করার বিষয়টি জানাজানি হলে শিক্ষক-শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেন। কিন্তু একই কম্পানির সরবরাহ ব্যালট পেপার দিয়েই আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে করে ছাত্র শিবিরে তাদের নিজস্ব কম্পানি থেকে আলাদা করে ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার জন্য নীল নকশা করে রেখেছেন বলে আমরা মনে করছি।’

শেখ সাদী হাসান বলেন, ‘বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে এবং নতুন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানালে নির্বাচন কমিশন আমাদের দাবি না মেনে জামাতি ইসলামের কম্পানির ব্যালট দিয়েই ভোট গ্রহণের সিদ্ধান্ত নেন।

এই রকম পক্ষপাতমূলক আচরণের জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি। তারপরও আমরা আশা রাখছি নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখবে এবং ছাত্র শিবিরের নীল নকশা বাস্তবায়নে কোন ধরনের অপতৎপরতা চালাবেন না। আমরা শুনতে পাচ্ছি জামাত শিবিরের অনেক নেতা-কর্মী ক্যাম্পাসের আশে পাশে জড়ো হয়েছেন।  এতে সাধারণ শিক্ষার্থীরা আতংকিত।
এমনকি এই অবস্থা থাকলে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসতে অনুৎসাহিত হবে। জাকসু নির্বাচনে ছাত্র-ছাত্রীরা ভোট দেবে। এখানে গেটের বাইরে জামায়াত ইসলামের লোকজনের কী কাজ আমরা বুঝতে পারছি না।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
