# জাকসু নির্বাচন, ছাত্রদলের পর একই কেন্দ্রে ভোট দিলেন শিবিরের ভিপি প্রার্থী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-11
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jaksu-nirwacn-chatrdler-pr-eki-kendre-vot-dilen-sibirer-vipi-prarthee](https://dailyfulki.com/article/jaksu-nirwacn-chatrdler-pr-eki-kendre-vot-dilen-sibirer-vipi-prarthee)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2120.md](https://dailyfulki.com/news/2120.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফুল্লাহ আদিব।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল কেন্দ্রে ভোট দেন তিনি।

এর আগে সকাল ১০টার দিকে একই হলে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।

ছাত্রশিবিরের প্যানেলে আরও যেসব প্রার্থী রয়েছেন- জিএস মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস আল হাসান ও নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক আলী জাকি শাহরিয়ার, সহ-সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক রুহুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শফিউজ্জামান শাহীন, সহ-ক্রীড়া সম্পাদক (ছেলে) মাহাদী হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (মেয়ে) লুবনা, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম লিখন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হাফেজ আরিফুল ইসলাম, সহ-সমাজসেবা সম্পাদক (ছেলে) তৌহিদ, সহ-সমাজসেবা সম্পাদক (মেয়ে) নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হোসনে মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর।

এছাড়া কার্যকরী সদস্য ছেলে (৩ জন) পদে রয়েছেন- হাফেজ তরিকুল, আবু তালহা, মহসিন। কার্যকরী সদস্য মেয়ে (৩ জন) পদে ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহা।

এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ জন।

বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে থাকবেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা।

ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দেবেন (টিক চিহ্ন দিবেন)। বিশেষ ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে।

জাকসুর মোট প্রার্থীর ২৫ শতাংশ ছাত্রী, বাকি ৭৫ শতাংশই ছাত্র। ভিপি পদে কোনো নারী শিক্ষার্থী প্রার্থী হননি। জিএস পদে ১৫ জন প্রার্থীর মধ্যে মেয়ে দুইজন। আর চারটি পদে কোনো মেয়ে প্রার্থীই নেই।

সবগুলো হল সংসদ মিলিয়ে মোট প্রার্থীর ২৪ দশমিক ৪ শতাংশ ছাত্রী। আর মেয়েদের হলগুলোর পাঁচটিতে ১৫ পদে প্রার্থীই নেই।

ছাত্রদল থেকে ভিপি ও জিএস পদে লড়ছেন শেখ সাদী হাসান ও তানজিলা হোসেন বৈশাখী। বাগাছাসের ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ লড়বে আরিফুজ্জামান উজ্জ্বল ও আবু তৌহিদ মোহাম্মদ সিয়ামের নেতৃত্বে।

‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলে আব্দুর রশিদ জিতু ভিপি এবং মো. শাকিল আলীর জিএস পদে নেতৃত্ব দিচ্ছেন।

‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলে জিএস পদে শরণ এহসান, এজিএস (পুরুষ) পদে নুর এ তামীম স্রোত এবং এজিএস (নারী) পদে ফারিয়া জামান নিকি লড়বেন। এ প্যানেলের ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করেছেন আদালত।

ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্টের ‘সংশপ্তক পর্যদে’ জিএস পদে জাহিদুল ইসলাম ঈমন, এজিএস-নারী পদে সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস লড়াই করছেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
