# খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-11
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/khulnay-zubdl-netake-guli-kre-htza](https://dailyfulki.com/article/khulnay-zubdl-netake-guli-kre-htza)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/204.md](https://dailyfulki.com/news/204.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

খুলনা সংবাদদাতা : খুলনা মহানগরীর দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমানকে (৪০) নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিমপাড়ার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত মাহবুবুর রহমান মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম মোল্লার ছেলে।

জানা যায়, মাহবুবুর রহমান মোল্লা বাড়ির সামনে প্রাইভেটকার পরিষ্কার করছিলেন।

 

এ সময় মোটরসাইকেলে করে তিনজন অজ্ঞাত ব্যক্তি প্রথমে মাহবুবুর রহমানের মাথায় কয়েকটি গুলি ও পরে পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওনি) মীর আতাহার আলী বলেন, ‘মাহবুবুর দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময় হেলমেট পরা অবস্থায় তিনজন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে।

 

তিনি মাটিতে লুটিয়ে পড়লে পরে মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য দুর্বৃত্তরা তার দু’পায়ের রগ কেটে পালিয়ে যায়।’

 

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে। ঘটনার খবর পেয়ে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

এদিকে যুবদলের এই সাবেক নেতার হত্যার খবর পেয়ে খুলনা মহানগর ও দৌলতপুরের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খুমেক হাসপাতালে ছুটে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মাহবুবুর রহমানের মরদেহ খুমেক হাসপাতালের মর্গে আছে।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
