# ভুয়া আইডি কার্ড দেখিয়ে ‎ঢাবিতে ঢোকার চেষ্টা, আটক দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-09
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/vuya-aidi-kard-dekhiye-dhabite-dhokar-ceshta-atk-dujner-biruddhe-bzbstha-neooya-hcche](https://dailyfulki.com/article/vuya-aidi-kard-dekhiye-dhabite-dhokar-ceshta-atk-dujner-biruddhe-bzbstha-neooya-hcche)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2032.md](https://dailyfulki.com/news/2032.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ঢাবি প্রতিনিধি : ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে চলছে কড়াকড়ি। এর মধ্যে গতকাল সোমবার রাতে ‎ভুয়া আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টায় দুজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

‎মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে দায়িত্ব পালনকালে তিনি এ কথা জানান।

একই সঙ্গে উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে বলেও জানিয়েছেন তিনি।

‎মাসুদ আলম বলেন, ‘আজকে সকাল থেকে যে ডাকসু নির্বাচন হচ্ছে খুবই শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আমরা যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আছি, আমরা সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি, বিশেষ করে ডাকসু নির্বাচন পরিচালনার যে কমিশন আছে সেই কমিশনকে আমরা সহযোগিতা করছি। তারা যেভাবে চাচ্ছে আমরা সেভাবেই তাদের সহায়তা করছি।’

ডিসি মাসুদ আরও বলেন, ‘এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি সবকিছুই ভালো আছে। এই পরিস্থিতিতে আমরা একদম ভোটগ্রহণ এবং ভোট গণনার শেষ পর্যন্ত বজায় রাখতে পারলে এটা আমাদের বড় ধরনের সাকসেস।’ ‎

‎ভুয়া আইডি কার্ডে আটকদের বিষয়ে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সন্দেহজন দুজনকে যারা ভুয়া আইডি কার্ড শো করে ঢোকার চেষ্টা করেছিল তাদের ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গতকাল সোমবার সন্ধ্যা থেকে ক্যাম্পাসের প্রবেশ পথগুলো নিয়ন্ত্রণ করছেন পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা। রাতে ভুয়া পরিচয়পত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম পরিচয় জানানো হয়নি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
