# আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ, ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ, ১০ কিলোমিটার যানজট

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-09
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asn-punrwinzaser-prtibad-dhaka-silet-mhasrk-ek-ghnta-obrodh-10-kilomitar-zanjt](https://dailyfulki.com/article/asn-punrwinzaser-prtibad-dhaka-silet-mhasrk-ek-ghnta-obrodh-10-kilomitar-zanjt)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2026.md](https://dailyfulki.com/news/2026.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : আসন সীমানা পুনর্বিন্যাসে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে বিজয়নগর উপজেলার ২টি ইউনিয়ন  অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।  

অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুইপাশে অন্তত ১০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। প্রায় এক ঘণ্টা পর কঠোর কর্মসূচির হুমকি দিয়ে অবরোধ তুলে নেয় এবং যান চলাচল শুরু হয়।

মঙ্গলবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার গোলচত্তর এলাকায় সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে এ অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী,জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ এর নেতাকর্মীসহ উপজেলার সর্বস্তরের জনগণ অংশ নেন।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন সবসময় অবহেলিত। এই আসন নিয়ে নতুনভাবে ষড়যন্ত্র চলছে। এরই ধারাবাহিকতায় এই আসনে বিজনগর উপজেলার  চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে যোগ করা হয়েছে। যা আমাদের আশুগঞ্জ উপজেলার কারো সংসদ সদস্য হওয়ার স্বপ্নকে মুছে ফেলার ষড়যন্ত্র। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা আরও বলেন, অবিলম্বে বিজয়নগরের চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে পুনর্বহালের দাবি জানান। অন্যথায় রেলপথ, নৌপথ ও সড়কপথ অবরোধসহ আরও কঠোর আন্দোলনে কর্মসূচি দেয়ার  হুমকি দেন।

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত গেজেট প্রকাশ করে বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে  ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে যুক্ত করে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
