# কোটালীপাড়ায় গণছুটিতে পল্লী বিদ্যুতের ৫১ কর্মী, গ্রাহকদের ভোগান্তি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-09
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kotaleeparay-gnchutite-pllee-bidzuter-51-krmee-grahkder-voganti](https://dailyfulki.com/article/kotaleeparay-gnchutite-pllee-bidzuter-51-krmee-grahkder-voganti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2023.md](https://dailyfulki.com/news/2023.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গোপালগঞ্জ  সংবাদদাতা : অব্যবস্থাপনার অবসান, বদলির নামে হয়রানি বন্ধসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে গণছুটিতে গিয়েছেন গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোটালীপাড়া জোনাল অফিসের ৫১ জন কর্মী। এ কারণে ভোগান্তিতে পড়েছেন উপজেলার শত শত গ্রাহক।

গোপালগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির কোটালীপাড়া জোনাল অফিস সূত্রে জানা গেছে, কোটালীপাড়া উপজেলায় ৯৫জন কর্মী ৭৯ হাজার ১৫৭ জন গ্রাহককে সেবা দিচ্ছেন। এই ৯৫ জন কর্মীর মধ্যে গত রোববার (৭ সেপ্টেম্বর) থেকে ৫১ জন কর্মী গণছুটিতে গিয়েছেন। যার ফলে উপজেলার বিভিন্ন এলাকায় গ্রাহকরা সমস্যায় পড়েছেন। এসব গ্রাহক দ্রুত সময়ের মধ্যে কর্মীদেরকে কাজে যোগ দিয়ে তাদের সমস্যা সমাধান করে দেওয়ার দাবি জানিয়েছেন।

উপজেলা রাধাগঞ্জ আশুতোষ রায় বলেন, বিদ্যুতের লাইনের সমস্যা থাকার কারণে আমাদের গ্রামে গত দুই দিন ধরে বিদ্যুত নেই। আমরা একাধিকবার কোটালীপাড়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসে যোগাযোগ করেছি। কিন্তু কোন কর্মী না থাকার কারণে আমরা বিদ্যুত পাচ্ছি না। আমরা দ্রুত এর সমাধান চাই।

এবাদুল হক বলেন, সকাল থেকে হরনাহাটি গ্রামের দক্ষিণ পাশ দিয়ে বিদ্যুত নেই। আমরা বিদ্যুত অফিসের সঙ্গে যোগাযোগ করে কাউকে পাচ্ছি না। এসব এলাকায় অনেক মুরগীর খামার রয়েছে। এ সকল খামারে ২৪ ঘণ্টাই বিদ্যুতের প্রয়োজন হয়। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুতের সমস্যার সমাধান না হলে ক্ষতির সম্মুখীন হবেন।

গোপালগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির কোটালীপাড়া জোনাল অফিসের ডিজিএম মো: রেজওয়ানুল ইসলাম বলেন, আমাদের এই জোনাল অফিসে ৯৫ জন কর্মী রয়েছেন। এদের মধ্যে থেকে ৪ দফা দাবি আদায়ের আন্দোলনে ৫১ জন গণছুটিতে গিয়েছেন। এই ৫১ জনের মধ্যে প্রায় ৩০ জন লাইনম্যান রয়েছেন। মূলত এই লাইনম্যানরাই বিদ্যুতের কাজগুলো করেন। আশা করছি সরকার সদয় হয়ে আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিবেন।

তিনি আরও বলেন, সরকার আন্দোলনকারীদের দাবিগুলো মেনে নিলে গণছুটিতে যাওয়া কর্মীগণ কাজে যোগ দেবেন। আর এরা কাজে যোগ দিলে বিদ্যুতের যে সব স্থানে সমস্যা আছে তা আমরা দ্রুত সময়ের মধ্যে সমাধান করে দেবো।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
