# ট্যাগিং-প্রোপাগান্ডার মাধ্যমে ভোট কমানোর চেষ্টা চলছে : স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-09
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/tzaging-propagandar-madhzme-vot-kmanor-ceshta-clche-swtntr-vipi-prarthee-sameem-hosen](https://dailyfulki.com/article/tzaging-propagandar-madhzme-vot-kmanor-ceshta-clche-swtntr-vipi-prarthee-sameem-hosen)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2005.md](https://dailyfulki.com/news/2005.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিকেন্দ্রে ভোট দিচ্ছেন। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে, স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মসহ কয়েকটি গণমাধ্যমে ট্যাগিংয়ের মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে তার ভোট কমানোর চেষ্টা চলছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন কেন্দ্রে ভোট প্রদান শেষে সকাল সোয়া ১০টার দিকে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন শামীম হোসেন।

শামীম হোসেন বলেন, কয়েকটি চিহ্নিত গণমাধ্যম, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম থেকে পরিকল্পিতভাবে তাকে ট্যাগিং করা হয়েছে। এটার আশঙ্কা তিনি আগেই করেছিলেন। এই প্রোপাগান্ডার মাধ্যমে তার ভোট কমানোর চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, তবে শিক্ষার্থীরা সচেতন। তারা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোনো ভুল করবেন না।

ভোটের পরিবেশ এখনো ইতিবাচক রয়েছে বলে উল্লেখ করেন শামীম হোসেন। তার ভাষ্যে, ‘এই পরিবেশ থাকলে ফলাফল যা-ই আসুক, মেনে নেব।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন অভিযোগের বিষয়ে শামীম হোসেন বলেন, ‘প্রতিপক্ষ আমার জনপ্রিয়তা দেখেই এই প্রোপাগান্ডা ছড়ানোর কাজে লিপ্ত হয়েছে। তবে শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।’

সিনেট ভবনের ডাইনিংরুমের বুথে সকালে ১০টা নাগাদ অন্তত ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানান কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা আশা করছি, এভাবে ভোট গ্রহণ হলে বিকেল চারটার আগে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট গ্রহণ সম্ভব হবে।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
