# রাজধানীতে রিকশাচালক খুন, রিকশা বিক্রির সময় ২ যুবক হাতেনাতে ধরা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-09
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rajdhaneete-rikshacalk-khun-riksha-bikrir-smy-2-zubk-hatenate-dhra](https://dailyfulki.com/article/rajdhaneete-rikshacalk-khun-riksha-bikrir-smy-2-zubk-hatenate-dhra)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1989.md](https://dailyfulki.com/news/1989.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর বাড্ডায় ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনায় মাসুদ ওরফে কাজল (৪২) নামে এক রিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে সেই রিকশা বিক্রি করতে গিয়ে ধরা পড়েন দুই যুবক।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বাড্ডার কাঠালদিয়া এলাকায় বসুন্ধরা আবাসিক গেটের বিপরীতে রাস্তার পাশ থেকে কাজলের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের শ্যালক মো. সেলিম জানান, কাজলের বাড়ি নেত্রকোনার দুর্গাপুরে। তিনি ঢাকার ভাটারার ফাসেরটেক এলাকায় থাকতেন। গ্রামের বাড়িতে তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

তিনি আরও বলেন, রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে কাজল নতুন বাজারের একটি গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হন। রাতে দুই যুবক সেই রিকশা নিয়ে একই গ্যারেজে গিয়ে বিক্রি করার চেষ্টা করে। গ্যারেজ মালিক রিকশাটি চিনে ফেলেন এবং তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে দেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা কাজলকে হত্যা করে মরদেহ ফেলে রাখার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ সোমবার লাশ উদ্ধার করে।

বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম জানান, রিকশাচালককে হত্যার পর রিকশা বিক্রি করতে গিয়ে ধরা পড়ে দুই যুবক। তাদের স্বীকারোক্তি অনুযায়ী লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
