# সংসদীয় আসনের সীমানা পরিবর্তন ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ৯ ঘণ্টা অবরোধ, সংঘর্ষ-ভাঙচুর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-06
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sngsdeey-asner-seemana-pribrtn-vangoa-ekspreswe-9-ghnta-obrodh-sngghrsh-vangcur](https://dailyfulki.com/article/sngsdeey-asner-seemana-pribrtn-vangoa-ekspreswe-9-ghnta-obrodh-sngghrsh-vangcur)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1889.md](https://dailyfulki.com/news/1889.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পরিবর্তনে দুটি ইউনিয়ন হাতছাড়া হওয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার দুদফা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে প্রায় ৯ ঘণ্টা অবরোধ করেন বিক্ষুব্ধরা। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।

নির্বাচন কমিশনের (ইসি) সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়েছে ফরিদপুর-২ আসনে। এর প্রতিবাদে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ ও ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে সকাল ৮টা থেকে দুপুর ১টা, পরে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৯ ঘণ্টা অবরোধ করেন বাসিন্দারা। এতে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। যাত্রীরা দুর্ভোগ পোহান। পরে ইউএনও, লোকাল ও হাইওয়ে থানার দুই ওসি ঘটনাস্থলে গিয়ে দাবি পূরণের আশ্বাস দিলে সন্ধ্যা ৭টার দিকে সড়ক ছেড়ে দেন অবরোধকারীরা।

এদিকে আন্দোলনের এক পর্যায়ে বিকেলে অবরোধকারীরা পৌর সদরের হাসামদিয়া গিয়ে একটি মোটরসাইকেলে আগুন ও গাড়িতে ভাঙচুর চালান। এ সময় হাসামদিয়ার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। তাদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আন্দোলনকারীরা মহাসড়কের ওপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। তারা দুটি ইউনিয়ন কেটে না নিয়ে ফরিদপুর-৫ আসন ফেরানোর দাবি জানান। আন্দোলনকারী রবিন, সুজন ও সোহেল জানান, গ্রাম বিচ্ছিন্ন অর্থ আমাদের মা-মাটিকে আলাদা করা। আমরা এ ষড়যন্ত্র কখনও মানব না। প্রশাসন তিন দিন সময় নেওয়ায় কর্মসূচি স্থগিত করা হয়েছে। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের সম্ভাব্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, ভাঙ্গা থেকে দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করা আমরা মেনে নেব না। ভাঙ্গার জনগণ ঐক্যবদ্ধ। আলগী ও হামিরদী ইউনিয়ন ফিরিয়ে দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, আলগী ও হামিরদী ইউনিয়নের মানুষের দাবি পূরণে তিন দিন সময় নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটি ইতিবাচক সমাধানে পৌঁছানো হবে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান জানান, কয়েক দফা অবরোধে যানবাহন আটকে পড়ায় যাত্রীরা ভোগান্তি পোহান। সন্ধ্যার পর আন্দোলনকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
