# ৪৭তম বিসিএস প্রিলির প্রবেশপত্র ডাউনলোড শুরু, পরীক্ষা ১৯ সেপ্টেম্বর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-06
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/47tm-bisies-prilir-prbesptr-daunlod-suru-preeksha-19-septembr](https://dailyfulki.com/article/47tm-bisies-prilir-prbesptr-daunlod-suru-preeksha-19-septembr)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1884.md](https://dailyfulki.com/news/1884.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর। এই বিসিএসের জন্য আবেদন করেছেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এসব প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রবেশপত্র সংগ্রহ শুরুর বিষয়টি জানানো হয়।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) প্রবেশপত্র বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে।

এর আগে, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

৪৭তম বিসিএস প্রিলির প্রবেশপত্র ডাউনলোড শুরু, পরীক্ষা ১৯ সেপ্টেম্বর
ডাকসু নির্বাচন, যা বলছেন প্রার্থীরা
বিজ্ঞপ্তি প্রকাশের পর গত বছরের ১০ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়। শেষ হয় ৩১ ডিসেম্বর। ১ নভেম্বর ২০২৪ তারিখে যেসব প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে ছিল তারা আবেদন করতে পেরেছেন।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদের মধ্যে প্রশাসন ক্যাডারে নেওয়া হবে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, কৃষি ক্যাডারে ১৬৮, স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জনে ১৩৩১ ও সহকারী ডেন্টাল সার্জন ৩০) ১৩৬১ জন।

কারিগরি বা পেশাগত ক্যাডারে পদ ১ হাজার ৮৮৩টি, বিসিএস সাধারণ শিক্ষা সাধারণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ৯২৯টি, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ৯টি, সরকারি মাদরাসা-ই-আলিয়ার জন্য প্রভাষকের পদ ২৭টি, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের ইন্সট্রাক্টরের পদ ১২টি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
