# জামায়াত ক্ষমতায় গেলে সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ির সুবিধা নেবে না : জামায়াত আমির

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-05
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jamayat-kshmtay-gele-srkari-plt-oo-bina-tzakser-garir-subidha-nebe-na-jamayat-amir](https://dailyfulki.com/article/jamayat-kshmtay-gele-srkari-plt-oo-bina-tzakser-garir-subidha-nebe-na-jamayat-amir)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1858.md](https://dailyfulki.com/news/1858.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : যারা হাঁচি-কাশি হলেই বিদেশে ছুটে যান, তাদের জন্য নিজের দেশে চিকিৎসা নেওয়াই একটি প্রতিবাদ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘আপনি সোনার বাংলা গড়তে চাইবেন, কিন্তু জনগণকে রেখে বিদেশে চিকিৎসা নেবেন, সেটি সমর্থন করি না।’ আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতায় গেলে সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ির সুবিধা নেবেন না।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাফরুলে ইবরাহিমপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এসময় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অংশ নেন ঢাকায় কর্মরত বিভিন্ন বেসরকারি হাসপাতালের শিশুরোগ, মেডিসিন ও চর্ম বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এখানে চিকিৎসা নিতে আসেন এলাকার নানান বয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে আনন্দ প্রকাশ করেন তারা।
গত ১৯ জুলাই জামায়াতের সমাবেশে অসুস্থ হওয়ার পর দীর্ঘ চিকিৎসা শেষ প্রায় দেড় মাস পর দলীয় কর্মসূচিতে অংশ নেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ডা. শফিকুর রহমান বলেন, ‘রাজনীতিবিদরা দেশের নাগরিকদের জন্য কথা বলে।

সেই নাগরিকদের দেশে ফেলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্য ছিল, যারা হাঁচি-কাশি দিলেই বিদেশে যায় সেটির প্রতিবাদ। আপনি সোনার বাংলা গড়তে চাইবেন কিন্তু জনগণকে রেখে বিদেশে চিকিৎসা নেবেন, সেটি সমর্থন করি না।’
এসময় জামায়াত আমির জানান, মানবিক, দুর্নীতিমুক্ত, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা সমাজ পরিবর্তন করতে চায়, তাদের শুধু বিশেষায়িত হাসপাতালে নয় সাধারণ মেডিক্যালগুলোতেও যেতে হবে। আগামীতে জামায়াতে ইসলামীর যারা নির্বাচিত হবে, তারা সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ির সুবিধা নেবে না। তেলে মাথায় তেল দেব না। সব পরিসেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবেন।’

তিনি বলেন, ‘ইনসাফের দেশ গড়তে জামায়াতে ইসলামী একা পারবে না, সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

অতীতকে ভুলে আগামীতে জনগণের ভাগ্য নির্ধারণে জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারলে, পাঁচ বছরে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। ভয়-শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানাই।’

আগামীতে যারা জামায়াতে ইসলামী থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন, তারা সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ির সুবিধা নেবেন না বলেও জানান জামায়াত আমির।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
