# ডাকসুতে আবু বাকেরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মাহিন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-05
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/daksute-abu-bakerke-smrthn-diye-sre-dannralen-mahin](https://dailyfulki.com/article/daksute-abu-bakerke-smrthn-diye-sre-dannralen-mahin)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1857.md](https://dailyfulki.com/news/1857.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন আরেক প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার।

আবু বাকেরকে ভোট দিতে নিজের সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার। তিনিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

আজ শুক্রবার দুপুর পৌনে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।মাহিন সরকারের ভাষ্য, গণ-অভ্যুত্থানের শক্তিকে সমন্বিত রাখতেই তাঁর এমন সিদ্ধান্ত। আবু বাকের জিতলেই তিনি জিতে যাবেন।

মাহিন সরকার আরও বলেন, প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেও আমার কাছে সব সময়ই মনে হয়েছে, গণ-অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। আমি মনে করছি, ডাকসু নির্বাচনে গণ-অভ্যুত্থানের নেতৃত্ব নির্বাচিত হলে যে কারও চেয়ে তারা শিক্ষার্থীদের জন্য বেশি কাজ করবে।

এ সময় তিনি নিজের সমর্থকদের উদ্দেশ করে বলেন, ‘যাঁরা আমাকে সমর্থন করেন, প্রার্থিতা যেহেতু বাতিল করার সুযোগ নাই, লিস্টে আমার নাম থাকবে কিন্তু আপনারা বাকেরকে নির্বাচিত করুন। আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি।’

মাহিন সরকারের নেতৃত্বে সমন্বিত শিক্ষার্থী সংসদ নামের পৃথক প্যানেল হয় ডাকসুতে। মাহিন সরকারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ছিলেন।

দলের ‘অনুমতি না নিয়ে’ ডাকসুতে প্যানেল দেওয়ার ঘটনায় তাঁকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি। এরপরও মাহিনের প্যানেল থেকে সদস্যপদে নির্বাচন করছেন গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা সাব্বির উদ্দিন ও বায়েজিদ হাসান।

অবশ্য গণতান্ত্রিক ছাত্রসংসদের দুজন নেতা জানান, মাহিন সরকারের সঙ্গে তাঁদের কথা হয়েছিল। কিন্তু তিনি শীর্ষ একটি পদে প্রার্থী হওয়ার ব্যাপারে অনড় ছিলেন। পরে তিনি আলাদা প্যানেল ঘোষণা করেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
