# কীভাবে গোলমরিচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-10
- **বিভাগ (Category)**: লাইফস্টাইল
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/keevabe-golmric-khele-rog-prtirodh-kshmta-barbe](https://dailyfulki.com/article/keevabe-golmric-khele-rog-prtirodh-kshmta-barbe)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/179.md](https://dailyfulki.com/news/179.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

বর্ষায় নানা ধরনের শারীরিক সমস্যা যেমন- ঠান্ডা, কাশি, ভাইরাল জ্বর আর হজমের সমস্যা দেখা দেয়। এই মৌসুমে পরিবেশের আর্দ্রতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। এ সময়ে রান্নাঘরের একটি সাধারণ মসলা মানে গোল মরিচ হয়ে উঠতে পারে আশীর্বাদের মতো। 

'মসলার রাজা' হিসেবে পরিচিত গোলমরিচে এমন কিছু ঔষধিগুণ রয়েছে যা শরীরকে সুস্থ রাখতে খুবই কার্যকর। 

**গোলমরিচে কী আছে?**

গোলমরিচে থাকা গুরুত্বপূর্ণ যৌগ— পাইপেরিন শুধু মরিচের ঝাঁঝালো স্বাদই আনে না, এর অনেক চিকিৎসাগত গুণও রয়েছে। এ ছাড়াও এতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান যা শরীরকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।

**বর্ষাকালে গোলমরিচ খাওয়ার উপকারিতা**
**রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়**
গোলমরিচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এর ফলে ঠান্ডা, কাশির সমস্যা কমে। এতে থাকা পাইপেরিন শরীরের ভিটামিন ও খনিজ উপাদান শোষণের হারও বাড়িয়ে তোলে।

**ঠান্ডা, কাশি ও কফ থেকে মুক্তি**
গোলমরিচ শ্বাসতন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে। এটি কফ পাতলা করে এবং গলার জ্বালাভাব কমায়। তুলসি ও আদার সঙ্গে ক্বাথ বানিয়ে পান করলে দ্রুত আরাম পাবেন। 

**হজম শক্তি উন্নত করে**
বর্ষাকালে অনেকেই বদহজম, গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের সমস্যায় পড়েন। গোলমরিচ হজম এনজাইমকে সক্রিয় করে এবং পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণে সহায়তা করে, যা খাবার দ্রুত ও সহজে হজমে সাহায্য করে।

**শরীরকে ডিটক্স করে**
পাইপেরিন শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে কোষকে রক্ষা করে। এটি শরীরের ভিতর জমে থাকা ফ্রি র‍্যাডিকেল দূর করে এবং কোষের ক্ষয় রোধ করে।

**অন্যান্য পুষ্টির শোষণ বাড়ায়**
গোলমরিচের থাকা পাইপেরিন উপাদান অন্যান্য খাবারে থাকা উপকারী উপাদানগুলোকে শরীরে ভালোভাবে শোষণে সাহায্য করে। বিশেষ করে হলুদে থাকা কারকিউমিনের শোষণ অনেকগুণ বাড়িয়ে দেয়।

**গোলমরিচ কীভাবে খাবেন**
**চা ও ক্বাথে**
গোলমরিচ, আদা, তুলসি এবং মধু দিয়ে বানানো ক্বাথ বা চা ঠান্ডা-কাশি প্রতিরোধে খুবই উপকারী।
**স্যুপ ও ডাল-সবজিতে**
মসুর ডাল, স্যুপ বা সবজির তরকারিতে এক চিমটি গুঁড়ো গোলমরিচ স্বাদ ও গুণ দুটোই বাড়ায়।
**দুধের সঙ্গে**
রাতে ঘুমানোর আগে গরম দুধে এক চিমটি হলুদ ও গোলমরিচ মিশিয়ে পান করলে ঠান্ডা-কাশির সমস্যা দূর হয়।
**মধুর সঙ্গে**
এক চা চামচ মধুর সঙ্গে অল্প গোলমরিচের গুঁড়ো মিশিয়ে সকালে খেলে গলার ব্যথা বা কাশি থেকে দ্রুত আরাম মেলে। বর্ষাকালে যখন ভাইরাল ইনফেকশন, ঠান্ডা-কাশি এবং হজমের সমস্যা দেখা দেয় তখন গোলমরিচ হতে পারে একটি সহজ, প্রাকৃতিক এবং কার্যকর সমাধান। প্রতিদিন মাত্র অল্প পরিমাণে গোলমরিচ খাদ্যতালিকায় রাখলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
