# তিন বছর পর ফের জুটি হলেন তাহসান ও মিম

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-03
- **বিভাগ (Category)**: আরও
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/tin-bchr-pr-fer-juti-hlen-tahsan-oo-mim](https://dailyfulki.com/article/tin-bchr-pr-fer-juti-hlen-tahsan-oo-mim)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1781.md](https://dailyfulki.com/news/1781.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : গানের ভুবনের মানুষ তাহসান খান। নিজেকে সংগীতশিল্পী হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য তার। তবে অভিনয়টা শুরু করেছিলেন ভালো লাগা থেকে। সেই অভিনয়টা যে নিয়মিত হয়ে যাবে, তা ভাবেননি। অন্যদিকে লাক্স তারকা হয়ে ‘দারুচিনির দ্বীপ’ সিনেমা দিয়ে বিদ্যা সিনহা মিমের যাত্রা শুরু।

‘পরাণ’ সিনেমায় সাফল্যের পর তার চলচ্চিত্রের অবস্থানটা পেয়েছে নতুন মাত্রা। এই দুই তারকা তিন বছর আগে একসঙ্গে তিনটি নাটকে জুটি হয়েছিলেন। নাটক তিনটি হলো ‘আদার হাফ’, ‘অবশেষে’ ও ‘মরিবার হলো তার সাধ’। এরপর আর একসঙ্গে স্ক্রিনে দেখা যায়নি তাদের। এই সময়ে দুজনের জীবনে এসেছে নানা পরিবর্তন।

তাহসান কমিয়ে দিয়েছেন অভিনয়। প্রকাশ করছেন নতুন নতুন গান, কনসার্ট করছেন দেশ-বিদেশে। আর মিম সিনেমার কাজ করছেন, করছেন বিজ্ঞাপনের কাজও। আবার তারা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন।

কোনো সিনেমা, ওটিটি কিংবা নাটকের কাজ নয়। বিজ্ঞাপনের কাজ শুরু করেছেন তারা। বিজ্ঞাপনটির নির্মাতা আশিকুর মাহবুব।

মিম বলেন, ‘তাহসান ভাইয়ের সঙ্গে ২০২৩ সালে বান্নাহ ও হিমি ভাইয়ের পরিচালনায় নাটকের কাজ করেছিলাম। এরপর আর কাজ করা হয়নি। কখন যে তিনটি বছর চলে গেছে বুঝতেই পারিনি। আমরা এখন একটি বিজ্ঞাপনের কাজ করছি। বিজ্ঞাপনটির কনসেপ্টটা সুন্দর। আশা করি, দীর্ঘদিন পর দর্শকরা বিজ্ঞাপন হলেও আমাদের এক ফ্রেমে দেখে আনন্দ পাবেন।’

মিম জানান, চলতি মাসেই প্রচারে আসবে বিজ্ঞাপনটি।    

এদিকে সংগীতজীবনের রজতজয়ন্তী উপলক্ষে এক মাসের জন্য অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন তাহসান খান। আর মিম নতুন সিনেমার শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
