# সিংগাইরে ইউপি সদস্যের দোকানে অগ্নিসংযোগ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-02
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-iupi-sdszer-dokane-ognisngzog](https://dailyfulki.com/article/singgaire-iupi-sdszer-dokane-ognisngzog)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1769.md](https://dailyfulki.com/news/1769.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য আব্দুল আলিমের খাসেরচর বাজারে অবস্থিত রড, সিমেন্ট ও হার্ডওয়ার দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (৩১ আগস্ট) গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা দোকানে আগুন লাগিয়ে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে বলে জানা গেছে। 

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল আলিম (৪৫) সোমবার রাতে (১ সেপ্টেম্বর) সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, “রাতের আঁধারে দোকানে অগ্নিসংযোগ করে আমার কম্পিউটার সেট, ক্যাশ কাউন্টারে রক্ষিত নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় একলাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করে আসছে। আমার ব্যবসায় ক্ষতি সাধনের উদ্দেশ্যেই এ ঘটনাটি ঘটানো হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 
স্থানীয় বাসিন্দা ও পার্শবর্তী কীটনাশক ব্যবসায়ী মো. এজাজ আহমেদ বলেন, “এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি। আলিম মেম্বার দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। দোকানে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে ক্ষতি সাধন করা হয়েছে বলে আমরা নিশ্চিত। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে আমার দোকানেরও ব্যাপক ক্ষতি হতো। 

এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান ওই ব্যবসায়ী। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
